সীতাকুণ্ডে বেপরোয়া গতির কন্টেইনার বোঝাই লরির ধাক্কায় লোকাল ৮নং মিনিবাস উল্টে গিয়ে শিক্ষার্থীদের ওপরে পড়ে। এতে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউসি) চট্টগ্রাম’র ছাত্রী মাইশা মুশফিরাত (২১) নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও দুই ছাত্রী৷ তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার কুমিরাস্থ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ডালাস পেট্রোল পাম্পের বিপরীতপাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাইশা মুশফিরাত আইআইইউসির ইংরেজি বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তিনি মীরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বটকাটিয়া গ্রামের সাখাওয়াত হোসেন ও সালমা আক্তার দম্পতির কন্যা।
বিশ্ববিদ্যালয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ক্লাস শেষে বাসায় যাওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের দুইজনসহ তিনজন শিক্ষার্থী। এ সময় একটি কন্টেইনার বোঝাই লরি এসে ৮নং মিনিবাসকে ধাক্কা দেয়। ধাক্কায় উল্টে গিয়ে বাসটি শিক্ষার্থীদের ওপরে পড়ে। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় তাদেরকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মাইশাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় আহত এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়৷ পরে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী মাইশা মুশফিরাত গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আরও দুই ছাত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এদিকে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছে আইআইইউসি কর্তৃপক্ষ। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে নিহত ছাত্রীর রুহের মাগফেরাত কামনা করা হয়েছে। একই সঙ্গে কর্তৃপক্ষের নির্দেশক্রমে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস স্থগিত ঘোষণা করা হয়েছে।
এদিকে শিক্ষার্থী নিহতের খবর ছড়িয়ে পড়লে কুমিরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেন এবং রেলপথ অবরোধ করেছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইসি)’র বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এতে মহাসড়কে ১০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। ফলে দূরদূরান্তের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। দুপুর ১টায় এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত মহাসড়ক অবরোধ অব্যাহত ছিল।
বার আউলিয়া হাইওয়ে থানার সার্জেন্ট শফিউল ইসলাম বলেন, সকাল নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফটক এলাকায় কন্টেইনার বোঝাই একটি লরি মিনিবাসকে ধাক্কা দিলে মাইশার ওপর মিনিবাসটি উল্টে পড়ে। একই সময়ে মিনিবাসটিতে চাপা পড়ে আরও দুইজন আহত হয়েছেন। তিনি আরও বলেন, ‘স্থানীয় লোকজন লরি দুটিকে জব্দ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জব্দ লরি দুটি ও মিনিবাসটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসে। পরে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছেন। তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।’
ডিএস./























