করোনায় ক্ষতিগ্রস্ত ৪ লাখ ৮৫ হাজার ৪৭৬ জন খামারিকে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে ৫৬৮ কোটি ৮৬ লাখ টাকা নগদ আর্থিক প্রণোদনা দিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। প্রদেয় টাকা খামারিদের বিকাশ, নগদ এবং ব্যাংক হিসাবের মাধ্যমে প্রেরণ করা হয়েছে।
বুধবার ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে করোনায় ক্ষতিগ্রস্ত খামারিদের আর্থিক প্রণোদনা প্রদান করা হয়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি।
এ সময় তিনি বলেন, দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ ও গ্রামীণ প্রান্তিক মানুষের দারিদ্র্যবিমোচনে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ভূমিকা অপরিসীম। সরকার এ খাতের খামারি ও উদ্যোক্তাদেরকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান অব্যাহতভাবে করে যাবে।
কৃষিমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়নের করে যাচ্ছে। ফলে, নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশ দানাদার খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। সরকারের এখন লক্ষ্য হলো ‘দেশের মানুষের জন্য পুষ্টিসম্মত ও নিরাপদ খাদ্য’ নিশ্চিত করা। সেলক্ষ্যে, সরকার মাছ, দুধ, ডিম, মাংস, ফলমূলসহ অন্যান্য পুষ্টিজাতীয় খাদ্য উৎপাদন বৃদ্ধিতে সর্বাত্মক সহযোগিতা দিচ্ছে। এগুলোর উৎপাদন আরও বৃদ্ধি করে দেশের সকলের পুষ্টির চাহিদা পূরণ, প্রান্তিক মানুষের দারিদ্র্যবিমোচন এবং কর্মসংস্থান সৃষ্টি ও আয় বৃদ্ধি করা সম্ভব। এক্ষেত্রে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
বিজনেস বাংলাদেশ/ এ আর


















