চলতি মৌসুমে রংপুর জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আলু চাষ করা হয়েছে। কৃষকরা আলুর বাম্পার ফলনে খুশি। কৃষকরা জানান, হিমাগারের মালিকরা বাধা সৃষ্টি না করলে আলুর উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে মনে করেন তারা।
রংপুর কৃষি স¤প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে রংপুরের পাঁচ জেলায় ৯৩ হাজার ৩৫০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। চাষ করা হয়েছে ৯৭ হাজার ৩১৫ হেক্টর জমিতে। এবার রংপুর অঞ্চলে আলুর উৎপাদন লক্ষ্যমাত্রা ২৩ লাখ ৬৭ হাজার ৬৯০ মেট্রিক টন। যা গত বছর ছিল ২৩ লাখ ৩২ হাজার ৮৩১ মেট্রিক টন।
কৃষকরা বলছেন, গত বছরে আলুর ভালো দাম ছিল। এবার আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে। আর এরমধ্যে বিভিন্ন এলাকায় আগাম জাতের আলু তোলার কাজ শুরু হয়েছে।
মিঠাপুকুর উপজেলার বৈরাতি এলাকার আলু চাষি মতিয়ার রহমান জানান, গত কয়েক বছরের তুলনায় এবার আলুর ফলন ভালো হয়েছে। আগাম কিছু আলু বিক্রি করে দামও ভালো পেয়েছেন তিনি। একই এলাকার আলু চাষি মমতাজ উদ্দিন জানান, তিনি ১৫একর জমিতে আলুর আবাদ করেছেন। আলুতে এবছর কোন মড়ক নেই। আবহাওয়া অনুকুলে থাকায় ভালো ফলন হয়েছে। তবে কৃষকরা আলু ন্যায্য দাম নিয়ে সংশয়ে রয়েছেন।তারা এ বিষয়ে সরকারের কৃষি বিভাগকে তদারকির দাবি জানান।
দেখা গেছে রংপুর অঞ্চলে গ্রানোলা, লরা, মিউজিকা, ক্যারেজ, রোমানা ও ফাটা পাকরি চাষ করেছেন। এরমধ্যে সবচেয়ে বেশি আলু আবাদ হয়েছে রংপুরে এবং সবচেয়ে কম লালমনিরহাট জেলায়। আগামী মার্চ মাসের শেষের দিকে জমিতে আলু তোলা শেষ হবে বলে জানান কৃষি বিভাগ। রংপুর কৃষি স¤প্রসারণ অধিদফতরের উদ্যান বিশেষজ্ঞ কৃষিবিদ খোন্দকার মেসবাহুল ইসলাম, চলতি মৌসুমে রংপুর কৃষি অঞ্চলের পাঁচ জেলার মধ্যে রংপুরে ৫৩ হাজার ৫২৫ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। এছাড়া নীলফামারী ২২ হাজার ২৭০ হেক্টর, গাইবান্ধায় নয় হাজার,২শ’ ৫০, কুড়িগ্রামে ছয় হাজার ৫৪৫ এবং লালমনিরহাটে পাঁচ হাজার ৭শ’ ২৫ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে।
তিনি আরো জানান, কৃষকরা আলুর ফলন ভালো পেয়েছেন। এখন পর্যন্ত মোট উৎপাদনের ১২ হাজার ৩৮৬ হেক্টর জমির আলু তোলা হয়েছে। ২২ লাখ ৬৩ হাজার ৮৯৭ মেট্রিক টন উৎপাদন লক্ষ্যমাত্রার মধ্যে দুই লাখ ৩৮ হাজার ৯৪৮ মেট্রিক টন বাজারজাত হয়েছে। মাঠে রয়েছে প্রায় ২০ লাখ মেট্রিক টন। রংপুর অঞ্চলে আলু সংরক্ষণে ৬৭টি হিমাগার রয়েছে। এরমধ্যে ৪০টি হিমাগার রয়েছে রংপুরে এবং ১০টি নীলফামারী জেলার মধ্যে। বাকি তিন জেলায় ১৭টি হিমাগার রয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ
























