ময়মনসিংহের ভালুকায় পুরনো আম গাছের নিচে চাপা পড়ে দুই যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরো ১০ জন।
নিহতরা হলেন- উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের গোবদিয়া গ্রামের নাছির উদ্দিন (৩৫) ও সে একই ইউনিয়নের মল্লিকবাড়ি গ্রামের শহিদ মিয়া (৩২)।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের মল্লিকবাড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গেলো রাত সাড়ে ৯টার দিকে মল্লিকবাড়ি বাজারের মরা একটি আম গাছের নিচে বার্ষিক বনভোজন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান চলাকালে আম গাছটি অনুষ্ঠানের মানুষের উপর ভেঙ্গে পড়ে। এতে গাছ চাপায় ঘটনাস্থলেই একজন মারা যায়। এ সময় আহত হয় অন্তত ১০জন। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ৬জনকে উদ্ধার ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন।
ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, এটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। গাছটি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন দেওয়া হচ্ছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ






















