গাজীপুর মহানগর পুলিশ গাজীপুরসহ বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে সাত চোরাই মোটরসাইকেলসহ চার চোরকে আটক করেছে। আটকরা হলো ঢাকার আশুলিয়া থানার উত্তর গাজীর চট এলাকার সামু মিয়ার ছেলে দূর্জয় ওরফে সুজন (২৮), লক্ষীপুরের রায়পুর থানার মধ্য কেরুয়া এলাকার ইলয়াস ওরফে জহির আলমের ছেলে মো. হারুন অর রশিদ (৩৫), তার ভাই মো. আল আমিন (৩০) এবং নরসিংদীর রায়পুর থানার হাসনাবাদ এলাকার মো. হেলাল মিয়ার ছেলে মো. রাজীব (২০)।
মহানগর পুলিশের কোনাবাড়ি জোনের সহকারি কমিশনার থোয়াই অং প্রু মারমা জানান, ২২ ফেব্রুয়ারি কোনাবাড়ি বিসিক এলাকায় একটি মোটরসাইকেল চুরির মামলার তদন্ত করতে গিয়ে গত তিনদিন অভিযান চালিয়ে এসআই (নিঃ) মোঃ শাখাওয়াত ইমতিয়াজ চার চোরকে গ্রেপ্তার করে। পরে তাদের দেয়া তথ্যমতে গাজীপুরের কাশিমপুর, কালিয়াকৈর, শ্রীপুর, ঢাকার আশুলিয়া, ময়মনসিংহের ভালুকা ও ফুলবাড়িয়া এলাকায় অভিযান চালানো হয় এবং তাদের হেফাজত থেকে সাতটি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















