পরশুরামে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা খোকা মিয়া মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার।
সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ব্রাঞ্চ ম্যানেজার ইমাম হোসেন সজিবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) নাসরিন সুলতানা।
অতিথিবৃন্দ বলেন,অনিশ্চয়তা মানুষের জীবনে সবচেয়ে বড় সত্য। এ জন্যই মানুষ চায় নিরাপত্তা। বীমা ব্যবস্থা এক্ষেত্রে কিছুটা হলেও নিরাপত্তা বিধান করতে পারে। দিতে পারে পরিবার পরিজনের জন্যে স্বচ্ছল ও নিরাপদ জীবনের প্রতিশ্রুতি। এজন্য সবাই বীমা করা উচিৎ। নিজে ও পরিবারকে সুরক্ষিত রাখা দরকার।
এছাড়া মেয়াদপূর্তি হওয়ার পরও বীমাদাবির টাকা গ্রাহকদেরকে দেওয়া হচ্ছে না উল্লেখ করে অতিথিবৃন্দ দ্রুত বীমা দাবি পরিশোধ করার তাগিদ দেন উপস্থিত বীমা কর্মকর্তাদের।
অনুষ্ঠানে বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানির কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৬০ সালের ১ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন পাকিস্তানের আলফা ইন্স্যুরেন্সে যোগদান করেছিলেন। ফলে দিনটিকে প্রতি বছর বীমা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেন এ খাতের উদ্যোক্তারা। সরকারও এর অনুমোদন দিয়েছে।
এ উপলক্ষ্যে প্রতি বছর মেলার আয়োজন করা হলেও করোনার কারণে এবার অনুষ্ঠান সীমিত করা হয়েছে। জাতির পিতার জন্মশতবার্ষিকীতে বীমা দিবসের প্রতিপাদ্য– ‘মুজিববর্ষের অঙ্গীকার, বীমা হোক সবার।’
বিজনেস বাংলাদেশ/বিএইচ






















