মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ির বাংলাবাজার পুরোনো ঘাটে বালুবোঝাই একটি বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোট ডুবে নিহত ২৭ জনের মধ্যে ২৫ জনের পরিচয় মিলেছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর কাঁঠালবাড়ির হাজী ইয়াসিন মোল্লাকান্দি দোতারা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে। সোমবার (০৩ মে) সন্ধ্যা পর্যন্ত ১৭ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহতদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন- খুলনার তেরখাদা উপজেলার বারুখালির মনির মিয়া (৩৮), হেনা বেগম (৩৬), সুমি আক্তার (৫) ও রুমি আক্তার (৩); ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার চরডাঙা গ্রামের আরজু শেখ (৫০) ও ইয়ামিন সরদার (২); মুন্সিগঞ্জ সদর উপজেলার সাগর ব্যাপারী (৪০) ও সাগর শেখ (৪১); কুমিল্লার দাউদকান্দির কাউসার আহম্মেদ (৪০) ও রুহুল আমিন (৩৫) এবং তিতাস উপজেলার জিয়াউর রহমান (৩৫); মাদারীপুরের রাজৈরের তাহের মীর (৪২), রায়েরকান্দির মাওলানা আব্দুল আহাদ (৩০) এবং শিবচরের হালান মোল্লা (৩৮) ও শাহাদাত হোসেন মোল্লা (২৯); ভোলার ভেদুরিয়ার আনোয়ার চৌকিদার (৫০); চাঁদপুরের মতলব উত্তরের মো. দেলোয়ার হোসেন (৪৫); নড়াইলের লোহাগড়ার রাজাপুরের জুবায়ের মোল্লা (৩৫); বরিশালের মেহেন্দিগঞ্জের মো. সাইফুল ইসলাম (৩৫), সায়দুল হোসেন (২৭) ও রিয়াজ হোসেন (৩৩); ঢাকার পীরেরবাগের খোরশেদ আলম (৪৫); ঝালকাঠি নালছিটির এসএম নাসির উদ্দীন (৪৫); পিরোজপুরের চরখালীর মো. বাপ্পি (২৮) এবং ভাণ্ডারিয়ার জনি অধিকারী (২৬)।
দুর্ঘটনা তদন্তে দুপুরে ছয় সদস্যের কমিটি গঠন করেছেন মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। কমিটিতে অতিরিক্ত জেলা প্রশাসক আজাহারুল ইসলামকে আহ্বায়ক করা হয়েছে। তিন কর্মদিবসের মধ্যে তারা প্রতিবেদন দেবেন।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















