চট্টগ্রাম জেলার দক্ষিণাঞ্চলের ৬০টি গ্রামে আজ ঈদ উদযাপিত হচ্ছে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফের ভক্তরা যুগ যুগ ধরে ঈদ উদযাপন করে আসছেন।
শনিবার (৯ জুলায়) সকাল ৯টায় সাতকানিয়ার উপজেলার মির্জাখীল দরবার শরিফ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মির্জাখীল দরবার শরীপের পীর ড. মাওলানা মোহাম্মদ মকছুদুর রহমান। ঈদ জামাতে কয়েকশ মুসল্লি অংশ নেন। এরপর বাড়ি বাড়ি পশু কোরবানি দেওয়া হয়।
মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা সাতকানিয়ার মির্জাখীল, সোনাকানিয়া, গারাঙ্গিয়া, চরতী, বাজালিয়া, ছদাহা, কেওচিয়া ও গাটিয়াডেঙ্গা; লোহাগাড়ার কলাউজান, বড়হাতিয়া, পুটিবিলা, চরম্বা ও চুনতি; বাঁশখালীর জালিয়াপাড়া, ছনুয়া, মক্ষিরচর, চাম্বল, শেখেরখীল, ডোংরা, তৈলারদ্বীপ ও কালিপুর; পটিয়ার হাইদগাঁও, বাহুলী ও ভেল্লাপাড়া এবং বোয়ালখালী, হাটহাজারী, সন্দ্বীপ, ফটিকছড়ি, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, কক্সবাজার, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়ার বাসিন্দারা ঈদ উদযাপন করছেন। এছাড়া, পার্বত্য জেলা বান্দরবানের লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, কক্সবাজারের চকরিয়া, টেকনাফ, মহেশখালী ও কুতুবদিয়ার কয়েকটি গ্রামে আজ ঈদ উদযাপন করা হচ্ছে।
মির্জাখীল দরবার শরীফ পরিচালনা কমিটির সদস্য হেলাদুল হাই জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে এখানে ঈদ উদযাপনের এই প্রথা যুগ যুগ ধরে চলে আসছে। তাই শনিবার এই অঞ্চলে ঈদ উদযাপিত হচ্ছে। মির্জাখীল দরবার শরীফে ঈদ জামাতে দেশ ও জাতীর কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।


















