সৌদি আরবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই সহোদরসহ ছয় বাংলাদেশির মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বুধবার ভোরে দেশটির হাইল শহরে এ দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব ( প্রেস) ফখরুল ইসলাম ছয়জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। হাইলের সিভিল ডিফেন্সের এক কর্মকর্তার বরাত দিয়ে সৌদি নাগরিক সাইফ আল সোহাইলি টুইট বার্তায় জানান, বুধবার ফজরের নামাজের সময় সৌদি আরবে হাইলের আল হোলাইফা শহরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন ইমরানুল হক সোহেল (৩৪) ও তাঁর ভাই ইমামুল হক মুন্না (২২)। তাঁরা কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বসন্তপুর গ্রামের আবদুল হকের ছেলে। এ ছাড়া অপরজন হলেন একই উপজেলার শ্রীপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো. সোহেল রানা (৩০)। অন্যদের পরিচয় পাওয়া না গেলেও একজন ফেনীর ও দুজন নোয়াখালীর বাসিন্দা।
নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার রাতে অন্যদিনের মতো নিজেদের ঘরে ঘুমাচ্ছিল তাঁরা। ভোরের দিকে ঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
























