সদ্যই সাফ চ্যাম্পিয়নশিপ জিতে শিরোপা নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। গতকাল জাঁকজমক আয়োজনে তাদের বরণ করে নিয়েছে জাতি। ছাদ খোলা বাসে শহর প্রদক্ষিণ করেছেন চ্যাম্পিয়নরা। সেই চ্যাম্পিয়ন দলের অধিনায়ক সাবিনা খাতুন পেয়েছেন পাকিস্তানের লিগে খেলার প্রস্তাব। বসুন্ধরা কিংসের এই তারকা নিজেই জানিয়েছেন এই তথ্য।
আজ বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশের ‘গোলমেশিন’ বলে পরিচিত সাবিনা জানান ‘নেপালে থাকা অবস্থায় আমাকে পাকিস্তান থেকে নক দেয়া হয়েছে। জানতে চেয়েছে সেখানে চ্যাম্পিয়নশিপ হলেও যেতে পারব কি-না। আমি বলেছি বিস্তারিত জানাতে। এরপর ফেডারেশনের সঙ্গে কথা বলে জানাব। এ ব্যাপারে আরও বলেন, ওরা আমাকে বিস্তারিত জানালে আমি ফেডারেশনের সঙ্গে কথা বলব। যদি যেতে অনুমতি দেয়, তবেই খেলতে যাব। ‘
এবারের সাফ চ্যাম্পিয়নশিপে দুটি হ্যাটট্রিকসহ পাঁচ ম্যাচে ৮ গোল করেছেন সাবিনা। জিতেছেন গোল্ডেন বুট। দেশের শীর্ষ ক্লাব বসুন্ধরা কিংসের এই তারকার চাহিদা আছে দেশের বাইরেও। কদিন পরই মালদ্বীপের ঘরোয়া টুর্নামেন্টে খেলতে যাবেন। এর আগে আরও চারবার এই টুর্নামেন্টে খেলেছেন সাবিনা। সবকিছু ঠিক থাকলে সবিনাকে পাকিস্তানের লিগেও দেখা যেতে পারে। সাবিনা সেইসঙ্গে জানিয়েছেন, মালদ্বীপের লিগ কর্তৃপক্ষ বাংলাদেশ থেকে আরও খেলোয়াড় নিতে চায়।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

























