দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের একাডেমি ভবন,শতগ্রাম ইউনিয়নে এলজিইডি’র বাস্তবায়নে নব নির্মিত শতগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঝাড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রাঙ্গালী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণিকক্ষের উদ্বোধন করেন দিনাজপুর-১(বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
বুধবার, ২২ ফেব্রুয়ারি বিকেলে বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৮৫ লাখ টাকা ব্যয়ে ঝাড়বাড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি গোপাল বলেন, যেকোনো ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র মোকাবিলা করতে সকলকে প্রস্তুত থাকতে হবে। তারা সমাজের ভেতর ঘাপটি মেরে বসে আছে, সুযোগ পেলেই দেশের ক্ষতি করবে, তাই তাদের প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বঙ্গবন্ধু বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি থেকে আত্মনির্ভরশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় আত্মনিয়োগ করেন। ঠিক তখনই কুচক্রী মহল আর ষড়যন্ত্রকারীরা সোনার বাংলা গড়তে না দিয়ে বঙ্গবন্ধুকে সপরিবারকে হত্যার মধ্যদিয়ে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে মরিয়া হয়ে ওঠে। দীর্ঘদিন পর হলেও আজ বাংলাদেশ বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের উন্নত রাষ্ট্রে পরিণত হচ্ছে। আর আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার পালা। যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করতে আমাদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোনো ষড়যন্ত্রই আমাদের উন্নয়ন বাধাগ্রস্ত করতে পারবে না।
ঝাড়বাড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. দলিল উদ্দীন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজকুমার বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক সম্পাদক নুর ইসলাম নূর, বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার, উপজেলা প্রকৌশলী জিবরীল আহমেদ, দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. গুলজার হোসেন, শতগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান মতি।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ঝাড়বাড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শতগ্রাম ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা। অনুষ্ঠানটির পরিচালনা করেন শতগ্রাম ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র দেবনাথ।
বিজনেস বাংলাদেশ/ হাবিব




















