সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে নির্মাণ করা হয়েছে ১০০টি আশ্রয়ণ প্রকল্পের ঘর। এটির নির্মাণ কাজও শেষ হয়েছে। যা আজ বুধবার সকালে তৃতীয় ও ৪র্থ পর্যায়ের জমিসহ গৃহনির্মাণ প্রকল্পগুলো গণভবন থেকে ভার্চুয়ালী শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি কথাও বলবেন উপকার ভোগীদের সাথে।
তিন জেলার প্রকল্পগুলোর মধ্যে সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের নোয়াগাঁও আশ্রয়ন প্রকল্পও এর অন্তর্ভুক্ত রয়েছে।
মুজিব শতবর্ষ উপলক্ষে “বাংলাদেশের একজন মানুষও ভূমিহীন ও গৃহহীন থাকবে না” প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপির দিক নির্দেশনায় প্রকল্প বাস্তবায়নের শুরু থেকে শেষ পর্যন্ত সর্বোচ্ছ গুরুত্ব দিয়ে কাজ করেছে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন।
উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের হাওরবেষ্টিত এলাকার নজর কাড়া এ প্রকল্পটির চারদিকে সবুজ আর মধ্যখানে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ১০০টি ঘর নির্মাণ হওয়ায় এখানকার সৌন্দর্য আরও দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যে স্থানীয় এলাকার সকলের নজর কেড়েছে এ স্থানটি।
নির্দিষ্ট ডিজাইনের কারুকাজ আর নান্দনিক কাঠামোয় গড়ে তোলা ঘরগুলো যেন দূর থেকেই দেখলে চোখে পড়বে সবার।
উপজেলা প্রশাসন জানায়, মুজিব শতবর্ষ উপলক্ষে “বাংলাদেশের একজন মানুষও ভূমিহীন ও গৃহহীন থাকবে না” প্রধানমন্ত্রীর এ নির্দেশনায় বাস্তবায়নের অংশ হিসেবে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ইতোমধ্যে ৮৯৫টি ঘর নির্মাণ করা হয়েছে। এর মধ্যে নোয়াগাঁও আশ্রয়ণ প্রকল্পের আওতায় ১০০টি ঘর নির্মিত হয়েছে। যা বুধবার মাননীয় প্রধানমনন্ত্রী ভার্চুয়ালিভাবে শুভ উদ্বোধন করে ঘরের চাবি হস্তান্তর করবেন। প্রতিটি ঘর নির্মাণে দুই লাখ ৬০টাকা ব্যায় হয়েছে।
প্রকল্পজুড়ে ১০০টি পরিবারের জন্য সাবমার্জেবল পাম্প ও ওভারহ্যাড ট্যাংকসহ ১০টি নলকূপ স্থাপণ করা হয়েছে। প্রতিটি ঘরে পৃথক মিটারসহ বিদ্যুৎ সংযোগও রয়েছে।
যেখানে খেলার মাঠ, মাছের পুকুর ও বনায়নসহ সমন্বিত ড্রেনেজ ব্যবস্থা আছে। এছাড়াও প্রকল্প এলাকায় এক হাজারেরও বেশি ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানো হয়েছে।
উপকারভোগীরা জানান, আগে কখনও আমাদের ঘর ছিলো না। এখন থাকার মত জায়গার সাথে ঘর হয়েছে। থাকার মত নতুন ঠিকানা পেয়েছি। এতে আমরা অনেক খুশি। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই। প্রধানমন্ত্রীর এ উপকার কোন দিন ভূলবো না। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মানবতার মা। ওনার জন্য অনেক দোয়া রইলো।
এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিলুর রহমান বলেন, নন্দীরগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ১০০টি ঘর নির্মাণ কাজ শেষে আজ বুধবার মাননীয় প্রধানমন্ত্রী তা উদ্বোধন করবেন। উপকারভোগী এসব মানুষও নতুন ঘর পেয়ে খুশি। নাগরিক সুবিধাসহ এসব ঘর নির্মাণে সকল সুবিধা নিশ্চিতে কাজ করছে প্রশাসন।




















