একটা চাদঁ ছাড়া রাত আধাঁর কালো, মায়ের মমতা ছাড়া কে থাকে ভালো … সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিৎ এর এই গানের প্রতিটি কথা আসলেই সত্যি মায়ের মমতা ছাড়া কেউ ভালো থাকে না। ত্রি-ভূবনের সবচেয়ে মধুরতম শব্দ ‘মা’। মা উচ্চারণের সাথে সাথে হৃদয়ের অতল গহীনে যে আবেগ ও অনুভূতি রচিত হয়, তাতে অনাবিল সুখের প্রশান্তি নেমে আসে।
মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে… সত্যিই তাই, মায়ের হাসির থেকে মধুরতা আর পবিত্রতা অন্যকিছুতে নেই। খুব ছোট শব্দ ‘মা’ এর মধ্যেই যে পৃথিবীর সব সুখ-শান্তি লুকিয়ে আছে, এই শব্দের পরিধিও অনেক বিশাল। আমরা জন্ম থেকেই কোনো না কোনো আশ্রয় খুঁজি। আর জন্ম থেকেই যার কোলে সবচেয়ে বড় আশ্রয় পেয়ে আসছি, সে আমাদের মা। আমাদের গর্ভধারিণী, জননী আমাদের কাছে পুরো একটা পৃথিবী।
আমাদের জীবনে মা, অতি সাধারণ মা
জন্মের পর থেকে মায়ের গন্ধে মেখে বড় হয়ে ওঠা, আদর-আবদারের যাবতীয় ভরসা মা। খুব খেয়াল করলেই তাঁর ত্যাগী, পরিশ্রমী মুখের আড়ালে সতেজ আর ঝলমলে একটা মুখ দেখতে পায় সন্তানেরা। স্বামী-সন্তান-সংসার আর কখনোবা নিজের কর্মস্থল- এই জীবনযুদ্ধে আমার মনে হয় প্রতিটা মা’ই জয়ী।
https://youtu.be/re_b2CaHsnk
সন্তান জন্মের আগে ভীষণ কষ্ট অথচ স্বপ্ন নিয়ে জেগে থাকে একটি শিশুর মুখ দেখবে বলে। তাকে বড় করে তুলতে নিজের সবটুকুকে দমিয়ে রাখেন, খুব কষ্ট হলে লুকিয়ে চোখের পানি ফেলেন। একজন মা তাঁর সন্তানের বাড়ি ফেরার অপেক্ষা করে কথার ডালি সাজিয়ে, সন্তানের চিন্তায়-অসুখে নিজের ঘুম হারাম করেন, আঁচলের কোনায় বেধে রাখা জমানো টাকাটা থাকে তাঁর প্রিয় সন্তানের জন্য রেখে দেয়।
সংসারের বাইরেও মাকে কাজে নামতে হয়। সে ছোট-বড় যে কাজই হোক। তবে, যখন দেখি তপ্ত রোদের মাঝে মা তাঁর শিশুকে পাশে বসিয়ে আপনমনে হাত চালিয়ে কাজ করে চলেছেন, ঘেমে ভিজে যাচ্ছে তাঁর কোমল কিন্তু কঠোর মুখটি, তখন অদ্ভুত এক শ্রদ্ধা চলে আসে। মনে হয় এই খেটে খাওয়া মা তাঁর ওই সন্তানের জন্য কঠিন কাজে নামতে দ্বিধা করেনি।
https://youtu.be/2SuXHg2Ol-U
যুগ যুগ ধরে মা
মনীষীদের জীবনেও মা ছিল তাদের প্রধান অনুপ্রেরণা।মহানবী হজরত মুহম্মদ (স.) এর সেই অখণ্ডিত বাণী মায়ের পায়ের নিচেই রয়েছে সন্তানের জান্নাত।
মাকে নিয়ে নেপোলিয়ন বোনাপোর্টের সেই উক্তি কে না জানে, ‘আমাকে একজন ভাল মা দাও, আমি তোমাকে একটি ভাল জাতি উপহার দেবো।’

আব্রাহাম লিংকন বলেছিলেন, `আমি যা কিছু পেয়েছি, যা কিছু হয়েছি অথবা যা হতে আশা করি তার জন্য আমি আমার মায়ের কাছে ঋণী।` তাঁর মতে, ’যার মা আছে, সে কখনই গরীব নয়।’
জর্জ ওয়াশিংটন তাঁর মাকে নিয়ে বলেন,‘ আমার দেখা সবচেয়ে সুন্দরী মহিলা আমার মা। মায়ের কাছে আমি চির-ঋণী। আমার জীবনের সমস্ত অর্জন তারই কাছ থেকে পাওয়া নৈতিকতা, বুদ্ধিমত্তা আর শারীরিক শিক্ষার ফল।’
মহিমান্বিতদের জীবনে মা মানেই সফলতার সর্বপ্রথম সিঁড়িটা। তারপর শুধুই সামনের দিকে ওঠা।






















