রাজধানীর বংশালে একটি জুতা করাখানায় সিলিন্ডার বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। শুক্রবার রাত দেড়টার দিকে বংশালে আগামাসি লেন মসজিদের পাশে একটি জুতার এ দুঘর্টনা ঘটে। পরে দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন- রফিকুল ইসলাম, ফারুক, নাইম ও মাহবুব। তারা সবাই ওই কারখানার শ্রমিক।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, আগামাসি লেনে বিস্ফোরণের ঘটনায় আহতরা বার্ন ইউনিটে চিকিৎসাধীন। তাদের মধ্যে রফিকুলের অবস্থা গুরুতর।
তিনি ওই কারখানার মালিকের বরাত দিয়ে জানান, বংশালে আগামাসি লেন মসজিদের পাশে একটি ৫ তলা ভবনের দ্বিতীয় তলায় জুতা কারখানার সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যায় এবং সেখান থেকে চার শ্রমিককে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসে।






















