তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসছেন থাইল্যান্ডের রাজকুমারী মহাচক্রী সিরিনধরন। আগামী ২৮ মে সোমবার তিনি ঢাকা সফর করবেন। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে আলোচনা ও বেশ কিছু উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও উদ্বোধন করবেন রাজকুমারী। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন।
ঢাকা পৌঁছার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ৩০ মে রাজকুমারী মহাচক্রী সিরিনধরন চট্টগ্রাম পরিদর্শনে যাবেন এবং সেখানে বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। তিনি এর আগে ২০১০ এবং ২০১১ সালেও বাংলাদেশ সফরে এসেছিলেন।
উল্লেখ্য, থাইল্যান্ডের প্রয়াত রাজা ভূমিবলের দ্বিতীয় কন্যা রাজকুমারী মহাচক্রী সিরিনধরন।






















