সন্ধ্যার পর কোনো কিশোর বা শিক্ষার্থীকে বাইরে আড্ডা দিতে দেখলে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম।
বুধবার (২০ জুন) বিকালে সিএমপি সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
রবিবার (১৭ জুন) রাতে নগরের হালিশহর আর্টিলারি রোডে সিনেমা দেখে ফেরার পথে মোহাম্মদ সুমন (১৭) ও তার বন্ধুদের মোবাইলসহ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে তাদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে সুমনকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা।
পরে রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় সুমন। এ ঘটনায় মঙ্গলবার (১৯ জুন) রাত ও বুধবার ভোরে হালিশহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১০ কিশোরকে গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারদের বিষয়ে জানাতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
অতিরিক্ত কমিশনার আমেনা বেগম বলেন, ‘সাম্প্রতিক সময়ে নগরে কিশোর অপরাধ বৃদ্ধি পেয়েছে। কারণ স্বজনরা তাদের সন্তানদের নিয়ন্ত্রণ করতে পাড়ছে না। যার ফলেই বাড়ছে কিশোর অপরাধ। ছোট ছোট বিষয় নিয়ে বড় ঘটনার সৃষ্টি হচ্ছে।‘
‘পরিবারের উচিত তাদের সন্তানদের নিয়ন্ত্রণ করা, সন্তানদের কাজ মনিটরিং করা।’
তিনি বলেন, ‘সিএমপির প্রতিটি থানায় নির্দেশ দেওয়া হয়েছে এখন থেকে সন্ধ্যার পর কিশোর বা শিক্ষার্থীরা বাইরে আড্ডা দিলেই তাদের গ্রেফতার করা হবে।’
সংবাদ সম্মেলনে নগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (বন্দর) মোহাম্মদ শহীদুল্লাহ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এএএম হুমায়ুন কবির, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আবু বক্কর ছিদ্দিক, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার অলক বিশ্বাস, সহকারী কমিশনার আসিফ মহিউদ্দিন, সহকারী কমিশনার আশিকুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

























