কুষ্টিয়ার দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পোয়ালবাড়ি গ্রামে এ হামলা ঘটনা ঘটে। এতে বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাট করে দুর্বৃত্তরা। এসময় ২০ টি গরু, ২৫ টি ছাগল, স্বর্ণালংকার সহ ৫০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে তারা। এই ঘটনায় গুলিবিদ্ধ সহ অন্তত ১৫ জন আহত হয়েছে বলে জানাগেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সাথে কথা বলে জানাযায়, উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পোয়াল বাড়ি গ্রামের রুহুল ও মোতালেবের নেতৃত্বে ২০/৩০ জন সশস্ত্র অবস্থায় সকাল ৮ টার দিকে একই গ্রামের বুলবুল আহমেদ, জসিম উদ্দীন, তৌহিদুল ইসলাম ও বকুল হোসেনের বাড়িতে পূর্ব শত্রুতার জের ধরে হামলা চালায়। এ সময় গরু, ছাগল, স্বর্ণালংকার সহ অন্তত ৫০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় তারা।
ভাঙচুর ও লুটপাটের সময় স্থানীয় জনগণ দুর্বৃত্তদের বাধা দিতে গেলে কয়েক রাউন্ড গুলি ছুড়েন তারা। পরে সংবাদ পেয়ে পুলিশ ও মহিষকুন্ডি বিজিবি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে একজনকে অস্ত্র সহ আটক করলেও ছেড়ে দেয়া হয় বলে জানান এলাকাবাসী।
হামলায় ফরিদ (২২), জাহাঙ্গীর (২৬), সজিব (১৫), রমন (১৭) সহ অন্তত ১৫ জন আহত হয়েছে। বর্তমানে তারা বিভিন্ন জায়গায় চিকিৎসাধীন অবস্থায় আছে।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হুদা বলেন, পোয়ালবাড়িতে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। তবে অস্ত্রসহ আটকের বিষয়ে কিছুই জানেন না বলে জানান এই কর্মকর্তা।
বিজনেস বাংলাদেশ/ডিএস




















