চট্টগ্রামের সীতাকুণ্ডে আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া তিনদিন ব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের শিব চতুর্দশী ও দোল পূর্ণিমা মেলা-২০২৫ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার পৌরসদরস্থ প্রেমতলা এলাকায় মেলা কমিটির কার্যালয়ে সীতাকুণ্ড মেলা কমিটির আয়োজনে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে মেলা কমিটির সাধারণ সম্পাদক মনোজ কুমার নাথ বলেন, কলিযুগের সব চেয়ে বড় ও প্রধান ঐতিহ্যবাহী হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব আগামী ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। তিনদিন ব্যাপী শিব চতুর্দশী মেলা ও এরপর ১৩ থেকে ১৪ মার্চ দোলপূর্ণিমা মেলা অনুষ্ঠিত হবে। এসময় দেশ ও বিদেশ থেকে পূণ্যার্থীরা পূণ্য লাভের আশায় চন্দ্রনাথ ধামে প্রতি বছর তীর্থ দর্শন করতে ছুটে আসে লাখ লাখ হিন্দু ধর্মালম্বী নর-নারী। কথিত রয়েছে একজন হিন্দু ধর্মালম্বী মানুষ পৃথিবীর সব তীর্থস্থান দর্শন করলেও অন্তত একবার যদি সীতাকুণ্ড তীর্থ ভূমি দর্শন না করে তাহলে তার তীর্থ দর্শন সম্পূর্ণ হয় না।
তিনি আরও বলেন, এই মেলাকে ঘিরে তীর্থযাত্রীদের নিরাপত্তায় উপজেলা প্রশাসন, পুলিশ, আনসার ভিডিপি ও সংশ্লিষ্ট অন্যান্য গোয়েন্দা সংস্থা সমূহ মেলা চলাকালীন সার্বক্ষনিক সহযোগীতা করবেন। এর মধ্যে নিরাপত্তায় নিয়োজিত ৬ শতাধিক পুলিশ সদস্যের পাশাপাশি ডিএসবি, এনএসআই, স্ট্রাকিং ফোর্স হিসাবে সেনাবাহিনী, র্যাব এবং একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সার্বক্ষণিক মাঠে থাকবে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমাদের নিজস্ব স্থানীয় সেচ্ছাসেবক ৬ শতাধিক সদস্যসহ ১৭টি টিম থাকবে। মেলায় কোন অপ্রতিকর ঘটনা যাতে না ঘাটে সেজন্য রেল স্টেশন থেকে শুরু করে চন্দ্রনাথ পাহাড়ের ২নং গেইট ও সীতাকুণ্ড সরকারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ পর্যন্ত পুরো এলাকা ৫৪টি সি সি ক্যামেরার আওতায় থাকবে। ইতিমধ্যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সকল রকম নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তীর্থযাত্রীদের যাতায়াতের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ের যাত্রীবাহী বিশেষ ট্রেনগুলো সীতাকুণ্ড স্টোশনে দাঁড়াবে। মেলায় আগত তীর্থযাত্রীদের জন্য আবাসন, নিরাপদ সুপীয় পানি, অগ্নি-নির্বাপন, গাড়ী পার্কিং ও পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা কারা হয়েছে। তাদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৮ জন চিকিৎসকের নেতৃত্বে ২৪ জনের একটি টিম থাকবে। পাশাপাশি অন্যান্য সেচ্ছাসেবী সংগঠনের আরও ১৭টি চিকিৎসা টিম সার্বক্ষণিক তীর্থযাত্রীদের সেবা প্রদান করবে।
বিগত সময়ে মেলায় বিভিন্ন ধরনের চাঁদাবাজি ও অপ্রীতিকর ঘটনা ঘটেছে। কিন্তু এবার মেলা নির্ভীঘ্ন করতে চাঁদাবাজি, চুরি, ছিনতাই বন্ধে আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা লায়ন মোঃ আসলাম চৌধুরী এফসিএ এই মেলার প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। তিনি মেলাকে সার্বজনীন করতে সর্বাত্মক সহযোগীতার আশ্বাস দিয়েছেন। এছাড়া জামায়াত নেতৃবৃন্দের সাথে আমাদের কথা হয়েছে। কথা হয়েছে ছাত্র সমন্বয়কদের সাথেও। মেলায় সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিএনপি, জামায়েত ও ছাত্র সমন্বয়েকের আলাদা আলাদা টিম কাজ করবে। এবারের মেলায় সর্বোচ্চ ২০ লাখ তীর্থযাত্রীর সমাগম হবে বলে ধারণা করছি।
শিব চতুর্দশী মেলার সার্বিক আইনশৃঙ্খলা প্রস্তুতি নিয়ে মেলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম বলেন, মেলার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর ৬ শতাধিক সদস্যসহ স্থানীয় সেচ্ছাসেবকরা নিরাপত্তার দায়িত্বে থাকবে। মেলার নিরাপত্তা জুড়ে পুরো এলাকা সি সি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত থাকবে। প্রয়োজনে সেনাবাহিনীর সাহায্য নেয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড মেলা কমিটির উপদেষ্টা দুলাল কুমার বিশ্বাস, মেলা কমিটির অতিরিক্ত সাধারণ সম্পাদক বাবুল বাহাদুর শাস্ত্রী, মেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সুজন মল্লিক,মেলা কমিটির অর্থ সম্পাদক পাবন কৃষ্ণ দাশ, সীতাকুণ্ড প্রেস ক্লাবের আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম ও সদস্য সচিব সুলাইমান মেহেদী হাসানসহ প্রমুখ।
ডিএস../

























