ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক ও অলরাউন্ডার বেন স্টোকস ক্রিকেট বলের আঘাতে মুখে গুরুতর চোট পেয়েছেন। সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে তিনি নিজেই পরিস্থিতি শেয়ার করেছেন।
ছবির ক্যাপশনে তিনি মজা করে লিখেছেন, ‘ক্রিকেট বলটার কী অবস্থা হয়েছে সেটা আপনারা দেখুন,’ এবং একটি হাসির ইমোজি ব্যবহার করেছেন।

৩৪ বছর বয়সী স্টোকস সম্প্রতি অস্ট্রেলিয়ায় অ্যাশেজ সিরিজে অংশ নিয়েছিলেন, যেখানে ইংল্যান্ড ৪-১ ব্যবধানে পরাজিত হয়। সিরিজের শেষ টেস্টে সিডনিতে তিনি কুঁচকির চোট পান এবং এই কারণে দ্বিতীয় ইনিংসে বল করতে পারেননি। যদিও পুরো সিরিজে বল হাতে ভালো পারফর্ম করেছেন, ব্যাটিংয়ে তিনি তেমন সাফল্য পাননি।
অ্যাশেজে হারানোর পর ইংল্যান্ডে স্টোকসের অধিনায়কত্ব নিয়ে আলোচনা শুরু হলেও তিনি টেস্ট ক্রিকেটে নেতৃত্ব চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এখনও তার ভবিষ্যৎ নিয়ে পর্যালোচনা করছে। কোচ ব্রেন্ডন ম্যাককালাম হারের পর কিছু সমালোচনাকে ‘অসংগত’ বলে মন্তব্য করেছেন।
স্টোকস সাদা বলের ক্রিকেটে নিয়মিত নন, তাই চলতি সপ্তাহে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে দেখা যাবে না। তিনি আগামী ৪ জুন লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে ইংল্যান্ডের ঘরোয়া মৌসুম শুরু করবেন, যা তার ৩৫তম জন্মদিনও হবে। সুস্থ হয়ে উঠলে তিনি ডারহামের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারেন।
স্টোকসের চোটের সমস্যা যেন তার পিছু ছাড়ছে না। ২০২৪ সালে তিনি দুটি হ্যামস্ট্রিং চোটে আক্রান্ত হয়েছিলেন, এবং ২০২৩ সালের শেষে হাঁটুর অস্ত্রোপচারের পর মাঠে ফিরলেও কাঁধের সমস্যার কারণে ভারতের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে খেলতে পারেননি। ২০২৭ সাল পর্যন্ত ইসিবির সঙ্গে চুক্তিবদ্ধ এই অলরাউন্ডার সম্ভবত ‘দ্য হান্ড্রেড’ নিলাম থেকে নিজেকে সরিয়ে রাখবেন এবং টেস্ট ক্রিকেটে পুরোপুরি মনোযোগ দেবেন।
ডিএস./





















