আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনে মোট ১১ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন। তবে জনপ্রিয়তা ও রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মাত্র ৪ জন প্রার্থী।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৫,৯৩,৩৪৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩,০২,২৯০ জন, নারী ভোটার ২,৯১,০৫৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন। এই আসনে সোনারগাঁ উপজেলা এবং সিদ্ধিরগঞ্জ থানার ১ থেকে ১০ নম্বর ওয়ার্ড অন্তর্ভুক্ত।
দাড়িপাল্লা প্রতীকে ডা. ইকবাল হোসেন ভূঁইয়া
বাংলাদেশ জামায়াতে ইসলামের ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। শুরুতে জোটের অন্য প্রার্থীর মনোনয়ন, প্রত্যাহার আবেদন মঞ্জুর না হওয়া এবং পরবর্তীতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উদ্যোগে দাড়িপাল্লার পক্ষে প্রচারণা সব মিলিয়ে বিষয়টি বেশ আলোচনার জন্ম দেয়।১ ফেব্রুয়ারি এনসিপির তুহিন মাহামুদ দাড়িপাল্লার পক্ষে অবস্থান নেন এবং ২ ফেব্রুয়ারি থেকে ডা. ইকবাল হোসেন ভূঁইয়া সরাসরি নির্বাচনী মাঠে নামেন। ইসলামিক মনোভাব ও সুসংগঠিত শৃঙ্খলার কারণে সাধারণ মানুষের মাঝে তাকে নিয়ে আলোচনা বাড়ছে।
ফুটবল প্রতীকে মুহাম্মদ গিয়াস উদ্দিন বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ও সাবেক সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি একজন অভিজ্ঞ নেতা ও শিক্ষা অনুরাগী হিসেবে পরিচিত। সিদ্ধিরগঞ্জ অংশে তিনি একক প্রার্থী হওয়ায় কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছেন। রাজনৈতিক অঙ্গনে দাড়িপাল্লা ও ফুটবল প্রতীকের মধ্যে নীরব ভোটযুদ্ধ হওয়ার সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে।
ধানের শীষে আজহারুল ইসলাম মান্নান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। ৫ আগস্টের পর চাঁদাবাজি, দখলবাজি ও বেফাঁস মন্তব্য নিয়ে বিভিন্ন জাতীয় পত্রিকা ও অনলাইন মাধ্যমে সংবাদ প্রকাশ হওয়া এবং শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন থাকায় তিনি কিছুটা বেকায়দায় রয়েছেন। তবে ধানের শীষ প্রতীক এবং বর্তমান সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি হওয়ায় তিনি আলোচনার বাইরে নন।
ঘোড়া প্রতীকে অধ্যাপক মো. রেজাউল করিম বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক প্রতিমন্ত্রী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। বয়সজনিত সীমাবদ্ধতা ও শারীরিক অসুস্থতার কারণে আগের মতো মাঠ গোছাতে না পারলেও তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও পরিচিতির কারণে তিনি আলোচনায় রয়েছেন।
এ ছাড়া নির্বাচনী মাঠে আরও ৭ জন প্রার্থী প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন আলহাজ্ব গোলাম মসীহ ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা,মুহাম্মদ শাহজাহান বাংলাদেশ খেলাফত থেকে রিকশা,আরিফুল ইসলাম আমার বাংলাদেশ (এবি) পার্টি থেকে ঈগল,আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সী বাংলাদেশ খেলাফত আন্দোলন থেকে বটগাছ,মো. ওয়াহিদুর রহমান মিল্কী গণঅধিকার পরিষদ থেকে ট্রাক,আব্দুল করিম মুন্সী জনতা দল থেকে কলম,অঞ্জন দাস গণসংহতি আন্দোলন থেকে মাথাল প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
সব মিলিয়ে, আগামী ১২ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ-৩ আসনের ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন।
ডিএস./.



















