বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, ‘জাতীয় সংকট উত্তরণ এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুবসমাজের অবদান অনস্বীকার্য। সংগঠিত, দক্ষ ও অঙ্গীকারবদ্ধ যুবসমাজ দেশের মূল্যবান সম্পদ।রবিবার (১ নভেম্বর) সকালে জাতীয় যুব দিবস উপলক্ষে কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. খন্দকার মারুফ হোসেন বলেন, যুবকদের মানসম্মত শিক্ষা, আধুনিক প্রযুক্তিগত দক্ষতা ও টেকসই কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে যুবসমাজের সৃজনশীলতা বিকাশে উদ্ভাবনী উদ্যোগে সহায়তা দিতে সরকার ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা করেছে। সম্ভাবনাময় উদ্যোগগুলো যাতে অর্থের অভাবে ব্যর্থ না হয়, সে লক্ষ্যে দেশে প্রথমবারের মতো স্টার্টআপ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্বেচ্ছাসেবক ও বিভিন্ন যুব সংগঠনের কার্যক্রম গতিশীল করতে সরকার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, ঋণ ও আর্থিক সহায়তা, সম্ভাবনাময় খাতে প্রশিক্ষণ সম্প্রসারণ, ‘ইমপ্যাক্ট’ (IMPACT) প্রকল্প, জাতীয় যুব পুরস্কার ও অনুদানসহ নানা উদ্যোগ নিয়েছে।
খন্দকার মারুফ বলেন, স্বাধীনতা অর্জন থেকে শুরু করে ২০২৪ সালের গণ-অভ্যুত্থান পর্যন্ত বিভিন্ন সংকট মোকাবিলা এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুবসমাজ গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় ভূমিকা পালন করেছে।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতি গঠনে যুবসমাজকে সংগঠিত করার উদ্যোগ নিয়েছিলেন। তাঁর নির্দেশনায় ১৯৭৮ সালে যুব উন্নয়ন মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা হয়, যা পরবর্তী সময়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নামে পরিচিতি লাভ করে।সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৯১ সালে যুবসমাজের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং তাদের কারিগরি ও ব্যবহারিক প্রশিক্ষণের জন্য সব জেলায় যুব প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করেন।
বিগত সরকারের সমালোচনা করে ড. খন্দকার মারুফ বলেন, মাদকের বিস্তার এবং কিশোর গ্যাংয়ের তৎপরতায় যুবসমাজের একটি অংশ নানা অপরাধে জড়িয়ে পড়েছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
মাদকের বিস্তার ও কিশোর গ্যাংয়ের অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সচেতন জনগণকে অগ্রণী ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি।
দাউদকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন সভাপতিত্ব করেন।এতে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবুল হাশেম, দাউদকান্দি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফারুক আহাম্মদ, দাউদকান্দি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক পিটার চৌধুরীসহ সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।
ডিএস/






















