নব্বই দশকের দর্শকপ্রিয় অভিনেত্রী আরিফা পারভীন মৌসুমী। অভিনয় ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল চলচ্চিত্র উপহার দিয়েছেন ‘প্রিয়দর্শিনী’খ্যাত এই চিত্রনায়িকা। মঙ্গলবার (৩ নভেম্বর) ৫৩ বছর পূর্ণ করে চুয়ান্নতে পা দিতে যাচ্ছেন। বিশেষ দিনে স্ত্রীর পাশে নেই চিত্রনায়ক ওমর সানী। দূর দেশ থেকে প্রিয় স্ত্রীকে বিশেষ বার্তা দিলেন এই ‘কুলি’ তারকা।
স্ত্রীর উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা দিয়েছেন ওমর সানী। ‘প্রেম গীত’ অভিনেতা বলেন, “মৌসুমী, আল্লাহ তোমাকে সুস্থ রেখেছেন, এজন্য আলহামদুলিল্লাহ! যত দূরেই যাও না কেন, দূরত্ব কোনো বিষয় না। ৩ নভেম্বর, আজকে তোমার জন্মদিন। গত ৩৫ বছর ধরে তোমার জন্মদিন উদযাপন করে যাচ্ছি।”

সিনেমায় একসঙ্গে প্রেম, ঝগড়া, চোখের জল, আবার গানের দৃশ্যে ফুলের বাগানে ঘোরাঘুরি— সবই করেছেন তারা। তবে জানেন কি, এই রোমান্টিক জুটির প্রেম শুরু হয়েছিল চাবুক খেতে খেতে?
অনেক দিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন মৌসুমী। আর দেশে ব্যবসা ও অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন ওমর সানী। তবে খুব শিগগির তাদের দেখা হচ্ছে বলে জানান এই চিত্রনায়ক। ওমর সানী বলেন, “গ্রিন কার্ড পাওয়ার পর তোমাকে সবাই শুভেচ্ছা জানিয়েছেন। আমিও তোমাকে শুভেচ্ছা জানিয়েছি। আল্লাহ যদি আমাদের বাঁচিয়ে রাখেন, তবে অল্প কিছুদিনের মধ্যে আমাদের দেখা হচ্ছে।”
জীবনসঙ্গীর বিশেষ দিনে হৃদয় থেকে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন ওমর সানী। তিনি বলেন, “মৌসুমী, তোমার জন্মদিনে আল্লাহর কাছে আমার একটাই চাওয়া, সেটা হচ্ছে—তোমার সুস্থতা, তোমার সম্মান, আত্মমর্যাদা, তোমার মমত্ববোধ। সবচেয়ে বড় বিষয়, মানুষ তোমাকে যেভাবে সম্মান করেন, সেই সম্মানকে আল্লাহ যেন আরো বাড়িয়ে দেন। শুভ জন্মদিন প্রিয়দর্শিনী মৌসুমী।”

ওমর সানীর ভিডিও বার্তার কমেন্ট বক্সে মৌসুমীর ভক্ত-অনুরাগীরাও শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি প্রিয় তারকার সুস্বাস্থ্য কামনা করেছেন।
কয়েক বছর আগে মৌসুমী বলেছিলেন—সাধারণত, আমি আয়োজন করে জন্মদিন উদযাপন করি না। আমার বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজনরাই জন্মদিন ঘিরে বিশেষ আয়োজন করে থাকেন
১৯৭৩ সালের ৩ নভেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন মৌসুমী। তার বাবার নাম নাজমুজ্জামান মনি ও মা শামীমা আখতার জামান। ছোটবেলায় অভিনেত্রী এবং গায়িকা হিসেবে কর্মজীবন শুরু করেন মৌসুমী। এরপর ‘আনন্দ বিচিত্রা ফটো বিউটি কনটেস্ট’ প্রতিযোগিতায় বিজয়ী হন, যার ওপর ভিত্তি করে তিনি ১৯৯০ সালে টেলিভিশনের বাণিজ্যিক ধারার বিভিন্ন অনুষ্ঠানে কাজের সুযোগ পান।

চিত্রনায়িকা হিসেবে ঢাকাই চলচ্চিত্রে মৌসুমীর অভিষেক ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে। এ সিনেমায় সালমান শাহর সঙ্গে জুটিবদ্ধ হন এই অভিনেত্রী। প্রথম সিনেমাতে নিজেদের মেধার পরিচয় দেন সালমান শাহ ও মৌসুমী। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। দুজনই ঢালিউডে নিজেদের অবস্থান তৈরি করে নেন।
তারপর তিন দশকের বেশি সময় ধরে ঢালিউডে মেধার দ্যুতি ছড়াচ্ছেন মৌসুমী। নারগিস আক্তার পরিচালিত ‘মেঘলা আকাশ’ ও চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘দেবদাস’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই অভিনেত্রী পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
১৯৯৫ সালের ৪ মার্চ, বিবাহবন্ধনে আবদ্ধ হন ওমর সানী-মৌসুমী। এ দম্পতির সংসার আলো করে জন্ম নিয়েছে একটি কন্যা ও একটি পুত্রসন্তান। এ যুগল বিবাহিত জীবনের ৩২ বছর পার করছেন।
_Rs_




















