পার্বত্য অঞ্চলের প্রান্তিক খামারিদের প্রাণিসম্পদ ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি, পশু-পাখির রোগ প্রতিরোধ ও সঠিক পরিচর্যা সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে খাগড়াছড়ির লক্ষীছড়িতে প্রাণিসম্পদ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
সোমবার (৯ নভেম্বর) গুইমারা রিজিয়নের লক্ষীছড়ি জোনের উদ্যোগে উপজেলার বার্মাছড়ি আর্মি ক্যাম্পে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন লক্ষীছড়ি জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর নাহিয়ান ইমতিয়াজ।
এ সময় উপস্থিত ছিলেন বার্মাছড়ি আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শাহরিয়ার আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও ভেটেরিনারি সার্জন ডা. মো. শফিউল ইসলাম এবং বার্মাছড়ি ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিরা।
প্রশিক্ষণে দুর্গম বার্মাছড়ি ইউনিয়নের প্রান্তিক খামারিরা অংশ নেন। এতে গবাদিপশু, ছাগল, হাঁস-মুরগি ও শূকর পালন, প্রাণীর সাধারণ রোগ শনাক্তকরণ ও প্রতিরোধ, টিকাদান, কৃমিনাশক ওষুধের ব্যবহার, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং অসুস্থ পশু-পাখির প্রাথমিক পরিচর্যা বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী খামারিদের মধ্যে প্রয়োজনীয় পশু-পাখির ওষুধ বিতরণ করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও ভেটেরিনারি সার্জন ডা. মো. শফিউল ইসলাম বলেন, এ উদ্যোগের ফলে প্রান্তিক খামারিদের প্রাণিসম্পদ ব্যবস্থাপনায় দক্ষতা বাড়বে। গৃহপালিত পশু-পাখির মৃত্যুহার কমবে এবং পারিবারিক আয় বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
লক্ষীছড়ি জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর নাহিয়ান ইমতিয়াজ বলেন, পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকার মানুষের জীবনমান উন্নয়ন, স্থানীয় জনগোষ্ঠীর স্বাবলম্বিতা বৃদ্ধি ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে লক্ষীছড়ি জোন এ উদ্যোগ গ্রহণ করেছে।
_Rs_



















