২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে প্রগতিশীল ডেমোক্র্যাটদের নতুন এক ‘স্ট্র-পোল’ বা মতামত জরিপে রীতিমতো ভরাডুবি হয়েছে সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের। অন্যদিকে, সবাইকে চমকে দিয়ে সম্ভাব্য প্রার্থীর তালিকার একেবারে শীর্ষে উঠে এসেছেন জর্জিয়ার তরুণ সিনেটর জন ওসফ।
রবিবার (৮ নভেম্বর) সাবেক ওবামা প্রশাসনের কর্মকর্তাদের গড়া ‘ক্রুড মিডিয়া’র আয়োজনে প্রগতিশীলদের সম্মেলন ‘ক্রুড কন’-এ ২০২৮ সালের প্রেসিডেন্ট পদের মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে একটি অনানুষ্ঠানিক স্ট্র-পোল বা মতামত জরিপ অনুষ্ঠিত হয়।
প্রায় এক হাজার ভোটারের অংশগ্রহণে হওয়া এই জরিপে ৩৮ শতাংশ সমর্থন পেয়ে সবাইকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছেন সিনেটর জন ওসফ।
শীর্ষে যারা রয়েছে
জরিপে ৩৮ শতাংশ ভোট পেয়ে জন ওসফ সবার ওপরে থাকলেও তারপরেই রয়েছেন প্রতিনিধি পরিষদের সদস্য ও ‘স্কোয়াড’-এর প্রভাবশালী নেতা আলেকজান্দ্রিয়া ওকাসিও-করতেজ (১৭ শতাংশ) এবং সাবেক পরিবহন সচিব পিট বুটিগিচ (১৪ শতাংশ)।
এছাড়া ইলিনয়ের গভর্নর জেবি প্রিটজকার (৪ শতাংশ), কেনটাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার (৪ শতাংশ), পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো (৪ শতাংশ), অ্যারিজোনার সিনেটর মার্ক কেলি (৩ শতাংশ), মেরিল্যান্ডের গভর্নর ওয়েস মুর (৩ শতাংশ) এবং ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম (২ দশমিক ৩ শতাংশ) একক অঙ্কের সমর্থনে রয়েছেন।
কমলা হ্যারিসের শোচনীয় অবস্থান
সদ্য অনুষ্ঠিত মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে ২০২৮ সালের ডেমোক্রেটিক প্রাইমারির বিভিন্ন জরিপে দীর্ঘদিন ধরে দ্বি-অঙ্কের সমর্থনে এগিয়ে থাকলেও, এই স্ট্র-পোলে মাত্র শূন্য দশমিক ৬ শতাংশ সমর্থন নিয়ে ১৬তম স্থানে নেমে গেছেন কমলা হ্যারিস (মিশিগানের সিনেটর এলিস স্লটকিন-এর সঙ্গে যৌথভাবে)। অবশ্য ‘রিয়েল ক্লিয়ার পলিটিক্স’-এর সাম্প্রতিক সামগ্রিক জাতীয় জরিপ অনুযায়ী ২১ দশমিক ৮ শতাংশ সমর্থন নিয়ে তিনি এখনও সার্বিকভাবে এগিয়ে আছেন।
জন ওসফের অবস্থান ও রাজনৈতিক বিতর্ক
সম্প্রতি জর্জিয়ার মতো কঠিন ও একসময়ের রক্ষণশীল রাজ্যে রিপাবলিকান প্রার্থী মাইক কলিন্সকে পরাজিত করে দারুণ রাজনৈতিক চমক দেখিয়েছেন জন ওসফ। তার এই বিজয় এবং চমৎকার বক্তৃতা দেওয়ার ক্ষমতাই তাকে ২০২৮ সালের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আলোচনায় এনেছে। তবে মজার ব্যাপার হলো, ওসফ সেনেট প্রচারণার সময় জোর দিয়ে বলেছিলেন যে, ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করার কোনো ইচ্ছাই তার নেই; তিনি সেনেটেই সম্পূর্ণ মেয়াদ পূর্ণ করতে চান। এছাড়া, কট্টর প্রগতিশীলদের সঙ্গেও তার কিছু নীতিগত দূরত্ব রয়েছে- তিনি ‘মেডিকেয়ার ফর অল’, ‘গ্রিন নিউ ডিল’, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আিইসিই) বিলুপ্ত করার দাবি এবং সুপ্রিম কোর্ট সম্প্রসারণের মতো বিতর্কিত ইস্যুগুলোর বিরোধিতা করে আসছেন।
বিশ্লেষকদের মতে, এই স্ট্র-পোলটি কোনো বৈজ্ঞানিক জরিপ না হলেও, এটি ডেমোক্রেটিক পার্টির সবচেয়ে সক্রিয় ও তৃণমূলের ভোটারদের পরিবর্তিত রাজনৈতিক মানসিকতার একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে।
তথ্যসূত্র: নিউ ইয়র্ক টাইমস





















