ক্রিশ্চিয়ানো রোনালদো নয়, বরং লিওনেল মেসিকে তার দলে জায়গা দেবেন ফুটবল সম্রাট পেলে।
ভারতে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে এমনটাই জানালেন তিনি।
ভারতের সাবেক অধিনায়ক বাইচুং ভুটিয়ার সঙ্গে এক প্রশ্নোত্তর পর্বে ব্রাজিলিয়ান কিংবদন্তি জানান, মেসি এবং রোনালদো দুজনেই ভিন্নধারার ফুটবলার। তাই দুজনের মধ্যে তুলনা করাটা কঠিন। আমার এবং জর্জ বেস্ট’র ভিন্ন ফুটবলশৈলী থাকা সত্ত্বেও অনেকে দুজনের মধ্যে তুলনা করতেন। তেমনই রোনালদো মূলত সেন্টার ফরোয়ার্ড, অন্যদিকে মেসি একজন সম্পূর্ণ ফুটবলার। একটি ইংরেজি সংবাদপত্র আয়োজিত অনুষ্ঠানে রাজধানী নয়াদিল্লিতে এসে জানালেন পেলে। নিজের পছন্দের একাদশে মেসিকেই বেছে নেন তিনি।
প্রশ্নোত্তর পর্বের শুরুতে বাইচুং পেলে’কে প্রশ্ন করেন ফুটবলে কীভাবে আসা? উত্তরে কিংবদন্তি জানান, আমার বাবা ছিলেন একজন সেন্টার ফরোয়ার্ড। তিনিই আমায় ফুটবল সম্বন্ধে প্রাথমিক পাঠ দিয়েছিলেন। তিনি বলেছিলেন আমাকে তার তুলনায় তিনগুণ গোল করতে হবে। আমার বাবাই আমাকে ফুটবল খেলতে উদ্বুদ্ধ করেছিলেন। তিনিই ছিলেন আমার প্রেরণা।’
























