বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ সোমবার দুপুর আড়াইটার দিকে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলনে যাওয়ার পথে তিনি বুকে ব্যথা অনুভব করেন। সেই সময় তাকে জরুরি ভিত্তিতে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, কক্সবাজার সদর হাসপাতালে জেমি ডের অবস্থা কিছুটা উন্নতির দিকে। সেখানে তার ইসিজিসহ বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা চলছে।
আজ কক্সবাজারে চলমান বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপের সেমিফাইনালিস্ট চারটি দলের কোচদের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেখানে বাকী তিন দলের কোচ উপস্থিত থাকলেও ছিলেন না বাংলাদেশ কোচ জেমি ডে।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে লাওসকে ১-০ গোলে হারিয়ে শুভসূচনা করেছিল বাংলাদেশ দল। লাওস দুটি ম্যাচেই হেরে যাওয়ায় সেমির টিকিট পায় বাংলাদেশ। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে ফিলিপাইনের বিপক্ষে হারতে হয়েছে ১-০ ব্যবধানেই। আগামী বুধবার (১০ অক্টোবর) টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ফিলিস্তিনের মুখোমুখি হবে লাল-সবুজের দল।
বিবি/এসআর
























