জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে সফরকারীদের সংগ্রহ ২৮২ রানের জবাব দিতে নেমে মাত্র ১৯ রানেই টপ অর্ডারের চার ব্যাটসম্যানকে হারিয়েছেন স্বাগতিকরা। রিপোর্ট লেখা পর্যন্ত চার উইকেটের বিনিময়ে বাংলাদেশের সংগ্রহ ২০ রান। মুশফিকুর রহিম ও মুমিনুল হক ব্যাট করছিলেন।
একে একে আউট হয়ে সাজঘরে গেছেন ইমরুল কায়েস, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তারা কেউই দুই সংখ্যার ঘরে ব্যক্তিগত স্কোরকে নিতে পারেননি। জিম্বাবুয়ের টেন্ডাই ছাতারা তিনটি ও কাইল জারভিস একটি উইকেট নিয়েছেন।
এর আগে শনিবার সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২৮২ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। বাংলাদেশের পক্ষে স্পিনার তাইজুল ইসলাম ৬ উইকেট নেন। প্রথম দিন শেষে জিম্বাবুয়ে করেছিলো ৫ উইকেটে ২৩৬ রান। দ্বিতীয় দিন বাকি ৫ উইকেটে আরো ৪৬ রান যোগ করতে সক্ষম হয় সফরকারীরা। দলের পক্ষে সিন উইলিয়ামস ৮৮, পিটার মুর অপরাজিত ৬৩ ও অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা ৫২ রান করেন।
বিবি/রেআ

























