বিয়ে করেছেন ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক ইয়ন মরগ্যান। দীর্ঘদিনের বান্ধবী টারা রিজওয়ের সঙ্গে ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করলেন এই তারকা ক্রিকেটার। নিজেই টুইট করে বিয়ের ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করছেন তিনি।
টুইটার পোস্টে মরগ্যান লিখেছেন, টারা রিজওয়ের সঙ্গে অসাধারণ একটি দিন। এর পরই শুভেচ্ছা বার্তায় ভরে ওঠে টুইটার। শুভেচ্ছা জানান, টম মুডি, ব্রেন্ডন ম্যাককালাম, মোহাম্মদ হাফিজ, রশিদ খান, ফাওয়াদ আহমেদর মতো ক্রিকেটের সব পরিচিত নামগুলো।
সামারসেটের ঐতিহাসিক ব্যাবিংটন হাউজে ধর্মীয় রীতিনীতি মেনেই বিয়ে সেরেছেন মরগ্যান।
দলপতির বিয়েতে হাজির ছিলেন ইংলিশ ক্রিকেটার জেসন রয়, অ্যালিস্টার কুক, স্টিভ ফিন, মার্ক উড ও জস বাটলার।
ইংলিশ গণমাধ্যমগুলো জানায়, লন্ডনের একটি ফ্যাশন হাউজে মার্কেটিং বিভাগে কাজ করছেন টারা। ২০১০ সালে দুজনের প্রথম পরিচয় হয়েছিল।
সম্প্রতি মরগ্যানের অধিনায়কত্বে শ্রীলঙ্কার বিপক্ষে দুরন্ত জয় পেয়েছে ইংল্যান্ড। লঙ্কান বাহিনীর নিজেদের মাঠে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-১ হারিয়েছে ইংলিশরা। একটিমাত্র টি-টোয়েন্টিতেও ৩০ রানে জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।
শ্রীলঙ্কার সফরে ওয়ানডে সিরিজের চার ম্যাচে ১৯৫ রান করেন মরগ্যান। এর মধ্যে দু’টি হাফ সেঞ্চুরি রয়েছে বাম-হাতি এই ব্যাটসম্যানের। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য সিরিজের সেরা খেলোয়াড়ও হন ৩২ বছর বয়সী এই ক্রিকেটার।
মরগ্যান এখনও পর্যন্ত ইংল্যান্ডের জার্সিতে ২১২টি ওয়ানডে খেলেছেন। ৩৮.৫৭ গড়ে ৬ হাজার ৫৫৭ রান এসেছে তার ব্যাট থেকে। ক্যারিয়ারে ৭৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ১৩০ স্ট্রাইক রেটে ১ হাজার ৭৩৪ রান রয়েছে তার।
মঙ্গলবার গলে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে ইংল্যান্ড। এরপর পাল্লেকেলে ১৪ নভেম্বর থেকে দ্বিতীয় টেস্ট। সিরিজের শেষ ম্যাচ ২৩ নভেম্বর কলম্বোতে হবে।
বিবি/জেজে

























