নারী টি-টোয়েন্ট ফাইনালটা একদম ফাইনালের মতো হলো না। একপেশে এক ম্যাচ উপহার দিল অস্ট্রেলিয়া। নর্থ সাউন্ডে বিশ্বকাপের ফাইনালে ইংলিশদের ২৯ বল হাতে রেখে ৮ উইকেটের বড় ব্যাবধানে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া।
টস জিতে ব্যাট করতে নেমে অজি বোলারদের তোপে ১০৫ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। ওপেনার ড্যানিয়েল ওয়াট আর অধিনায়ক হেদার নাইট যা একটু লড়েছেন। বাকিদের কেউ দুই অংকের ঘরও ছুঁতে পারেননি। ওয়াট করেন ৪৩ রান, নাইটের ব্যাট থেকে আসে ২৫ রান।
অস্ট্রেলিয়ার অফস্পিনার অ্যাশলি গার্ডনার বল হাতে রীতিমত আতঙ্ক ছড়িয়েছেন। ৪ ওভারে ২২ রান খরচায় ৩টি উইকেট নেন তিনি। ২টি করে উইকেট নেন মেগান স্কাট আর জর্জিয়া ওয়েরহাম।
১০৬ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে অস্ট্রেলিয়ার দুই ওপেনার অ্যালিসা হিলি আর বেথ মুনি গড়েন ২৯ রানের জুটি। ২০ বলে ২২ রান করে হিলি ফিরলে ভাঙে এই জুটিটি। এরপর মুনিও ফিরে যান ১৪ করে।
তবে বোলিংয়ের পর ব্যাট হাতেও আলো ছড়িয়েছেন অ্যাশলি গার্ডনার। ২৬ বলে হার না মানা ৩৩ রান করেন তিনি। অধিনায়ক ম্যাগ লেনিং অপরাজিত ছিলেন ৩০ বলে ২৮ রানে।
বিবি/জেজে

























