ফুটবলের মাধ্যমে মেয়েদের ক্ষমতায়ন জোরদার করতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে দুই বছর মেয়াদি একটি অংশীদারিত্ব চুক্তি সই করেছে ইউনিসেফ বাংলাদেশ। সবার জন্য, বিশেষ করে নারী ও মেয়েদের জন্য খেলাধুলার সুযোগ তৈরি করতে ইউনিসেফের দীর্ঘদিনের প্রতিশ্রুতির অংশ হিসেবেই এই চুক্তি করা হয়েছে।
এই অংশীদারিত্বের আওতায় অনূর্ধ্ব-১৬ জাতীয় নারী ফুটবল দলের সব জাতীয় ও আন্তর্জাতিক ম্যাচ ও অনুশীলন জার্সিতে ইউনিসেফের লোগো বসানো হবে।
এছাড়াও বার্ষিক ভিত্তিতে বাংলাদেশের ৬৪ জেলায় জাতীয় প্রতিভা অন্বেষণ কর্মসূচি ও ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে ফুটবল খেলায় মেয়েদের উৎসাহিত করতে বাফুফের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে ইউনিসেফ। অংশীদারিত্বের শর্ত অনুযায়ী, বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের বিশেষ উন্নয়ন অংশীদার হিসেবে ইউনিসেফকে নিয়োগ দিয়েছে দেশের সর্বোচ্চ ফুটবল অভিভাবক।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাহউদ্দীন ও ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি এডওয়ার্ড বেগবেদার নিজ নিজ সংস্থার পক্ষে চুক্তিতে সই করেন।অনুষ্ঠানে বেগবেদার বলেন, এই উদ্যোগ দেশজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা লুকায়িত প্রতিভা তুলে আনার মাধ্যমে খেলাধুলার জগতে ইউনিসেফের অংশীদারিত্ব বাড়ানোর একটি অনন্য সুযোগ তৈরি করবে। যেহেতু বাইরের ক্রিয়াকলাপ স্বাভাবিকভাবেই শিশুদের টানে,তাই খেলাধুলার মাধ্যমে শিশুদের কাছে পৌঁছানো ছিল ইউনিসেফ জন্য একটি সুস্পষ্ট পদক্ষেপ এবং সাধারণভাবে শিশুদের, বিশেষ করে মেয়েদের ক্ষমতায়নে ফুটবলের মতো খেলা কার্যকর ভূমিকা রাখতে পারে।
বেগবেদার আরও বলেন, বাংলাদেশের মেয়েদের অনূর্ধ্ব-১৬ জাতীয় দলের খেলোয়াড়রা এখন মেয়েদের ক্ষমতায়ন ও শৃঙ্খলমুক্তির আদর্শস্বরূপ এবং তারা দেশের অন্য মেয়েদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। খেলাধুলা সাম্য ও সকলের অন্তর্ভুক্তির বিষয়টিকে তুলে ধরে এবং সমাজের বদ্ধমূল ধারণা ও নেতিবাচক রীতিনীতি ভাঙতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেসব ধারণা ও রীতিনীতি বাল্যবিয়ে, শিশু পাচার ও শিশুদের বিরুদ্ধে সহিংসতাসহ মেয়েদের বিরুদ্ধে বৈষম্য তৈরি করে।
বিবি/ ইএম














