ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে মাত্র তিন মিনিট কথা বললেন রিয়াল কোচ সান্তিয়াগো সোলারি। বেশি সময় নিয়ে তিনি কি আর বললেন। দল হেরেছে। তিনি যায়ই বলবেন অজুহাতের মতো শোনাবে। রিয়ালের কোচদের মুখে অজুহাত মানায় না। লেগানেসের বিপক্ষে কোপা ডেল রে’র ম্যাচে ১-০ গোলে হারায় তাই সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন করলেন তিনি।
রিয়াল মাদ্রিদের অবশ্য এই হারে কোপা ডেল রে’র কোয়ার্টার ফাইনালে ওঠা আটকায়নি। দুই লেগ মিলিয়ে রিয়াল জিতেছে ৩-১ ব্যবধানে। কিন্তু তাতে মান বাঁচাতে পারেনি দলটি। লেগানেসের মাঠে গিয়ে ফিরতি লেগে হারায় নিজেদের রুগ্ন চেহারার বর্হিপ্রকাশ ঘটিয়েছে। গত দুই দশকের মধ্যে এটাই সবচেয়ে বিবর্ণ রিয়াল।
চলতি মৌসুমে এরই মধ্যে ১০ ম্যাচ হেরেছে রিয়াল। লস ব্লাঙ্কোসদের সর্বশেষ এমন সময় কেটেছে ১৯৯৮-৯৯ মৌসুমে। চলতি মৌসুমের এখন পর্যন্ত ৩২ ম্যাচে ১০ হারের কোটা পূরণ করে ফেলেছে রিয়াল। এরমধ্যে আট ম্যাচে প্রতিপক্ষের জালে কোন গোলই দিতে পারেনি তারা। আবার ২০ ম্যাচে অন্তত একটি হলেও গোল হজম করেছে লোপেতেগুই থেকে সোলারির দল।
লেগানেস যেন মরণ কামড় দিতে নেমেছিল এ ম্যাচে। কিন্তু কেইলর নাভাস রিয়ালের হয়ে দারুণ খেলেছেন। তিনি দেখিয়েছেন তিনি ফুরিয়ে যাননি এখনও। তার সঙ্গে ক্লাবের উচিত নতুন চুক্তি করা। এছাড়া ভিনিসিয়াস খেলেছেন ভালো। তবে দ্বিতীয়ার্ধে ইসকোকে তুলে নিয়ে ক্রাস্তোকে মাঠে নামান সোলারি। তাদের তিক্ত সম্পর্কের ছবি আরও একবার দেখল দর্শকরা।
বিবি/রেআ

























