দিনাজপুরের ফুলবাড়ির বড়পুকুরিয়া কয়লাভিত্তিক ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে নিয়োগের দাবিতে অবরোধ কর্মসূচি পালন করেছে শ্রমিকরা। শনিবার ভোর ৬টা থেকে সড়ক অবরোধ করা হয়।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আন্দোলন পরিচালনা কমিটির ব্যানারে চাকরি প্রত্যাশী শ্রমিকরা লাল ঝাণ্ডা হাতে নিয়ে ফুলবাড়ি-পার্বতীপুর মহাসড়কের তাপবিদ্যুৎ কেন্দ্রের সড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি শুরু করেন। শ্রমিকদের সঙ্গে সংহতি জানিয়ে অন্যান্য শ্রমিকসহ স্থানীয়রাও কর্মসূচিতে যোগ দিয়েছেন। অবরোধ কর্মসূচির কারণে ওই সড়ক পথে চলাচলকারী সকল প্রকার যানবাহন বন্ধ হয়ে যাওয়া।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি মো. হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ বলেন, ২০১৬-১৭ অর্থ বছরে বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট নির্মাণের সময় চুক্তিভিক্তিকভাবে তারা নির্মাণকাজে যোগ দিয়ে কাজ করেছেন। সেইসব অভিজ্ঞ ও দক্ষ শ্রমিকদের বিদ্যুৎ কেন্দ্রে নিয়োগের দাবিতে গত দুইবছর থেকে নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।
বিবি/এমএ






















