নোয়াখালীর চৌমুহনী বাজারে একটি নির্মাণ শ্রমিকবাহী পিকআপ উল্টে চার শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১৫ শ্রমিক গুরুতর আহত হন। আহতদের বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার সকাল ৭টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের চৌমুহনী সিঙ্গার রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বেগমগঞ্জ মডেল থানার ওসি হারুনুর রশিদ জানান, রবিবার সকাল ৭টার সময় ফেনী থেকে বেগমগঞ্জের বাংলাবাজারে বিল্ডিংয়ের ছাদ ঢালাই দেয়ার জন্য ১৯ জনের একটি দল পিকআপে করে যাচ্ছিল। পথে চৌমুহনী সিঙ্গারের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে এক শ্রমিকের মৃত্যু হয়।
তিনি জানান, এ সময় গুরুতর আহত আরো ১৫ জনকে উদ্ধার করে পার্শ্ববর্তী বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নোয়াখালী সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালে নেয়ার পথে আরো তিনজন মারা যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে ফেনী থেকে বেগমগঞ্জ উপজেলার বাংলবাজারে একটি নির্মাণাধীন ভবনের ছাদের কাজ করার উদ্দেশ্যে ১৯ নির্মাণ শ্রমিক নিয়ে একটি পিকআপ ভ্যান ছেড়ে আসে।
পথে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের চৌমুহনী সিঙ্গার রোড এলাকায় পৌঁছলে একটি রিকশাকে অতিক্রম (ওভারট্রেক) করার সময় পিকআপটি উল্টে যায়। গাড়িতে থাকা চালক ও ১২ শ্রমিক গাড়ির নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলে একজন এবং আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে আরো তিনজনের মৃত্যু হয়।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, হাসপাতালে আনার পথেই তিনজনের মৃত্যু হয়। আমাদের এখানে আরো নয়জন চিকিৎসাধীন।
বেগমগঞ্জ মডেল থানার ওসি হারুন উর রশিদ আরো জানান, মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
বিবি/জেজে




















