আগেই ঘোষণা দেওয়া হয়েছিল এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের সপ্তম আসর হবে বঙ্গবন্ধুর নামে। জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিপিএলের সপ্তম আসরটি উৎসর্গ করা হবে।
তবে ৬ ডিসেম্বর বিপিএল শুরু হওয়ার কথা থাকলেও সম্ভাবনা খুব কম বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
আজ মঙ্গলবার বিকেলে জালাল ইউনুস জানান, নতুন আঙ্গিকে শুরু হওয়ায় এখনো অনেক কাজ বাকি। তাই সময়মতো শুরু না হওয়ার আশংকা আছে।
তিনি আরও বলেন, ‘বিপিএলের অনেক কাজ বাকি, যেহেতু নতুন একটা ফরম্যাটে হচ্ছে, বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগ। আমরা নতুন স্পন্সর পার্টনার নিয়েছি। তাদের সঙ্গে কী কন্ডিশন থাকবে, বোর্ড কীভাবে যুক্ত থাকবে এসব সমন্বয় করার কাজগুলো রয়ে গেছে এখনো। তারপর নতুন করে বাইলজ করতে হবে।
এই কাজগুলো শেষ করেই ড্রাফটে যেতে হবে। কিন্তু স্পন্সর পার্টনারদের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত আমরা এসব ঘোষণা করতে পারছি না। এই প্রক্রিয়াগুলো করতে অনেক সময় লেগে যাচ্ছে। এজন্য যথাসময়ে বিপিএল শুরু না হওয়ার আশংকা আছে।’
জালাল ইউনুস বলেন, ‘বঙ্গবন্ধু বিপিএল ডিসেম্বরের শেষ দিকে হলেও আমাদের জন্য ভালো।’
এর স্পন্সর প্রতিষ্ঠানগুলোর জন্য একটা নীতিমালা প্রকাশ করে বিসিবি। সেখানে বলা হয়েছিল ৬ ডিসেম্বর বিপিএল শুরু হবে, শেষ হবে ১১ জানুয়ারি। এবারের আসরে দল থাকবে সাতটি।
সাত দল নিয়ে ডাবল লিগ রাউন্ডে প্রাথমিকভাবে ম্যাচ হবে ৪২টি। এই ম্যাচগুলোর পরে সেরা চার দল খেলবে প্লে-অফ ম্যাচ।
প্লে অফ ম্যাচ হবে তিনটি। আইপিলের পদ্ধতিতে ফার্স্ট কোয়ালিফায়ার ম্যাচ, এলিমিনেটর ম্যাচ ও সেকেন্ড কোয়ালিফায়ার ম্যাচ হবে।
বিজনেস বাংলাদেশ/এম মিজান
























