বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচ দেখতে আগামীকাল শুক্রবার (২২ নভেম্বর)সকালে কলকাতা যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে গোলাপী বলের দিবা-রাত্রীর ঐতিহাসিক এ টেস্ট ম্যাচটি দেখতে যাবেন তিনি। ভারতের ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলিও ২২-২৬ নভেম্বর হতে যাওয়া পাঁচদিনের এ টেস্ট ম্যাচটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছেন শেখ হাসিনাকে।
আগামীকাল শুক্রবার (২২ নভেম্বর) সকাল ১০টায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ত্যাগ করবে। এরপর ভারতীয় সময় সকাল ১০টা ২৫ মিনিটে কলকাতার নেতাজী সুবাস চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বিমানটি।
বিমানবন্দরে নানান আনুষ্ঠানিকতা শেষে কলকাতার হোটেল তাজে যাবেন প্রধানমন্ত্রী। সংক্ষিপ্ত এ সফরকালে তিনি সেখানেই অবস্থান করবেন। পরে স্থানীয় সময় বেলা সাড়ে ১২টার দিকে ইডেন গার্ডেন স্টেডিয়ামে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সঙ্গে ঘণ্টা বাজিয়ে ঐতিহাসিক টেস্ট ম্যাচটির উদ্বোধন করবেন শেখ হাসিনা।
পরে গোলাপি বলের ঐতিহাসিক ম্যাচটি মাঠে গড়ালে প্রথম সেশন স্টেডিয়ামে বসে উপভোগ করে আবার হোটেলে ফিরে যাবেন প্রধানমন্ত্রী। প্রথম দিনের খেলা শেষ হলে আবারও ইডেনের মাঠে ফিরে আসবেন তিনি। সেখানে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের পর ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য দেবেন শেখ হাসিনা।
এরপর একদিনের সংক্ষিপ্ত সফর শেষ করে নেতাজী সুবাস চন্দ্র বোস বিমানবন্দর থেকে রাত ১০টায় দেশের উদ্দেশে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ বিমানে উঠবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাত সাড়ে ১১টার দিকে (বাংলাদেশ সময়) ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীর অবতরণের কথা রয়েছে।
এদিকে, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এক ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, শেখ হাসিনাকে রাষ্ট্রীয় অতিথির মর্যাদা দেওয়া হবে। তবে পূর্ব নির্ধারিত ব্যস্ততার কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতায় শেখ হাসিনার সঙ্গে যোগ দেবেন না।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















