পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে তুমি বলে সম্বোধন করতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। গতকাল শুক্রবার বাংলাদেশ-ভারতের ঐতিহাসিক দিবারাত্রির টেস্ট ম্যাচ দেখতে কলকতার ইডেন গার্ডেন্সে অবস্থান করেছিলেন প্রধানমন্ত্রী। সেখানেই নিজেদের মধ্যে আলোচনার সময় এমন কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার একটি প্রতিবেদনে বলা হয়েছে, কখনো ‘আপনি’, কখনো ‘তুমি’ বলছেন দেখে শেখ হাসিনাকে মমতা বন্দ্যোপাধ্যায় বিনীত আবদারে বলে ফেলেন, ‘আমাকে আপনি বলবেন না। ইংরেজিতে তো শুধু ইউ। আমাদের বাংলায় আপনি, তুমি দুটো শব্দই আছে। তুমিটা অনেক আপন। আমাকে তুমিই বলবেন।’ এরপর শেখ হাসিনা মৃদু হেসে কাছে টেনে নেন মমতাকে।
গোলাপি বলে ভারত-বাংলাদেশের টেস্টের উদ্বোধনী দিনে ইডেনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনাকে অভ্যর্থনা জানানোর পর থেকে গৃহকত্রীর মতোই সারা দিন আন্তরিক আপ্যায়ণে ব্যস্ত থাকেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।দিনব্যাপী কলকাতা সফর শেষে শুক্রবার রাতে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























