স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠায় ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলো (ইউডিসি) ব্যাপক ভূমিকা রাখছে। ইউডিসিগুলো ওয়ান স্টপ সার্ভিস সেন্টার হিসেবে কাজ করছে, যেখানে এক ছাদের নিচে সরকারি নানা সেবা দেয়া হচ্ছে।
বুধবার সিঙ্গাপুরে নাগরিক সেবা প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠিত একটি সমন্বিত পাবলিক সার্ভিস সেন্টার পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
আওয়ার টেমপাইনস হাব (ওটিএইচ) নামের এ সার্ভিস সেন্টার পরিদর্শনকালে সেন্টারের পক্ষ থেকে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। সেখানে জানানো হয়, টেমপাইনস এলাকার ২ লাখ ৬০ হাজার বাসিন্দাকে সরকারি-বেসরকারি প্রায় সকল সেবা আওয়ার টেমপাইনস হাব থেকে দেয়া হচ্ছে।
তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলের জনগণ স্বল্প ব্যয়ে ও স্বল্প সময়ে জন্মসনদ প্রাপ্তি, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, ফলাফল প্রাপ্তি, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে নিবন্ধনসহ নানাবিধ সেবা গ্রহণ করতে পারছে। ইউডিসিগুলো প্রত্যন্ত অঞ্চলে নাগরিক সেবা প্রদানের হাব হিসেবে গড়ে উঠছে।
স্পিকার বলেন, সরকারের ডিজিটাল বাংলাদেশ প্রোগাম বাস্তবায়নের অংশ হিসেবে ইউডিসিগুলো প্রতিষ্ঠিত হয়েছে। এ কেন্দ্রগুলো ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে মানুষের জীবনকে সহজ ও স্বাচ্ছন্দময় করে তুলছে। সরকারি সেবার পাশাপাশি কিছু বেসরকারি সেবাও এসব কেন্দ্র থেকে দেয়া হচ্ছে। এসব ইউডিসি সরকারি-বেসরকারি অংশীদারত্বের ক্ষেত্রে সফল মাইলস্টোন হিসেবে আবির্ভূত হয়েছে।
আওয়ার টেমপাইনস হাব পরিদর্শনকালে স্পিকারের সঙ্গে ছিলেন ন্যাশনাল ইউভার্সিটি অব সিঙ্গাপুরের ইজিএল সেন্টারের ডিরেক্টর অশোক কুমার ও ইজিএল কর্মকর্তা দেবাশীষ তরফদার।
বিজনেস বাংলাদেশ/এম মিজান


























