কক্সবাজারের টেকনাফ উপজেলার সীমান্তে দেড় লাখ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার দুপুর ২টার দিকে ২ বিজিবি ব্যাটালিয়ন সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক মাদক কারবারিরা হলেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুরা এলাকার আব্দুল মোনাফের ছেলে আমির হামজা (৩৫) ও পৌরসভার অলিয়াবাদ এলাকার মো. হোসনের ছেলে মো. আইয়ুব (২৫)।
লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, টেকনাফস্থ বিজিবি ২ ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল ইয়াবা ক্রয়-বিক্রয়ের খবরে হ্নীলা ইউনিয়নের কেরুনতলী ১৪ নম্বর ব্রিজ এলাকায় অবস্থান নেয়। এর কিছুক্ষণ পর তিন ব্যক্তি দুটি বস্তা নিয়ে খাল হতে ব্রিজের দিকে এসে আগে থেকে ব্রিজের দক্ষিণ প্রান্তে অপেক্ষামাণ এক ব্যক্তিকে বস্তাগুলো হস্তান্তর করতে দেখে বিজিবি চ্যালেঞ্জ করে।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে দুই জন আটক করে। অপর দুই কারবারি ব্রিজের ওপর থেকে লাফিয়ে পানিতে পড়ে খালের অপর পাড়ে ঝোপের আড়ালে চলে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
পরবর্তীতে বিজিবি বস্তাগুলো উদ্ধার করে তাতে দেড় লাখ পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা। উদ্ধার ইয়াবাসহ আটক কারবারিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা করা হবে বলে জানিয়েছেন লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।
বিজনেস বাংলাদেশ/এম মিজান




















