নেপালে চলমান সাউথ এশিয়ান গেমসে (এসএ) ক্রিকেটে সোনা জয়ের মধ্য দিয়ে রেকর্ড গড়েছে বাংলাদেশ। এর আগে সর্বোচ্চ ১৮টি সোনা জিতেছিল, এবার ১৯টি জিতে নতুন রেকর্ড হয়েছে। আজ শ্রীলঙ্কাকে সাত উইকেটের বড় ব্যবধানে হারিয়ে এই রেকর্ড গড়ে বাংলাদেশ।
এর আগে ১৯৯৫ মাদ্রাজ এসএ গেমসে ৭টি, ২০১০ ঢাকা এসএ গেমসে ১৮টি সোনা জিতেছিল লাল সবুজের প্রতিনিধিরা।
কাঠমান্ডুর ত্রিভুবন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মাঠে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। শুরু থেকেই হাসান মাহমুদ-তানভীরদের বোলিং তোপে সুবিধা করতে পারেনি দ্বীপরাষ্ট্রটি। সর্বোচ্চ ২৫ রান করেন শাম্মু আহসান। এ ছাড়া পানথুম নিসাংকা ২২ ও নিশান মাদুশকা ১৬ রান করে সাজঘরে ফেরেন। শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে সবকটি উইকেট হারিয়ে ১২২ রান করে শ্রীলঙ্কা।
টাইগারদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন হাসান মাহমুদ । এ জন্য তার হাতে ম্যাচ সেরার পুরস্কারও ওঠে। এ ছাড়া দুই উইকেট নেন তানভীর ইসলাম।
টার্গেটে খেলতে নেমে দুর্দান্ত শুরু করেন সৌম্য-সাইফ। সৌম্য ২৭ রানে আউট হয়ে গেলে ভাঙে ওপেনিং জুটি। ৩৫ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন শান্ত। এ ছাড়া ৩৩ রান করেন ওপেনার সাইফ হাসান। আফিফ অপরাজিত থাকেন ৫ রানে।
শেষ পর্যন্ত ১১ বল হাতে রেখে সাত উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ

























