বিতর্কিত নাগরিকত্ব সংশোধন আইন ও রাষ্ট্রীয় নাগরিকপঞ্জী নিয়ে বিক্ষোভে উত্তাল ভারত। রাজধানী দিল্লি, উত্তর প্রদেশ, আসাম, বেঙ্গালুরুসহ বেশ কিছু স্থানে ভয়াবহ বিক্ষোভ চলছে।
এদিকে এই বিক্ষোভের হাওয়া লেগেছে লখনৌতেও। শান্তিপূর্ণ প্রতিবাদের নামে বিক্ষোভ শুরু হলেও পরবর্তীতে তা ব্যাপক সহিংসতায় রূপ নেয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ। বিক্ষোভকারীরাও পাল্টা পুলিশের গাড়িতে হামলা চালায়। এতে এক পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানা গেছে।
লখনৌ’র সীতাপুর রোডে শিয়া কলেজের সামনে বিক্ষোভকারীরা থানায় আগুন ধরিয়ে দেয়। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি চালায়। বিক্ষোভকারীরা দু’টি মিডিয়া ভ্যানে আগুন দেয়।
এবার সেই সহিংস বিক্ষোভ নিয়ে মুখ খুলেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন, উত্তর প্রদেশ সহ লখনৌতে যারা সহিংসতা করেছে, সেই সাড়ে ৩ হাজার সহিংসতাকারীকে চিহ্নিত করে সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।
তিনি আরো বলেন, গণতন্ত্রে হিংসার কোন জায়গা নেই। সংশোধিত নাগরিকত্ব বিলের অপপ্রচার চালাচ্ছে বিরোধীরা।
আদিত্যনাথ বলেন, এই নিয়ে সমাজবাদী পার্টি, কংগ্রেস আর বামপন্থী দলগুলো চরম ষড়যন্ত্র করে গুজব ছড়িয়ে চারিদিক অশান্ত করছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
বিজনেস বাংলাদেশ/এম মিজান
























