ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমে সংঘাতের অবসানে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেন, ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর বিষয়ে তিনি ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশাবাদী। খবর আনাদোলু এজেন্সির।
সোমবার (২ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা জানান।
ভ্যান্স জানান, এ বিষয়ে প্রায় এক ঘণ্টা আগে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার কথা হয়েছে। আলোচনার মাধ্যমে একটি সমাধানে পৌঁছানোর সম্ভাবনা নিয়ে তারা দুজনই আশাবাদী।
তিনি বলেন, ইরান কিছুটা অনিশ্চিত আচরণ করে। তবে আলোচনায় অগ্রগতি হয়েছে। সামনে আরও অগ্রগতি হয় কি না, তা দেখা হবে।
ইরানকে নতুন করে হামলার আগে কোনো সময়সীমা দেওয়া হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে ভ্যান্স বলেন, কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হলো ইরান যেন তার পারমাণবিক কর্মসূচি আবার চালু করতে না পারে। এ বিষয়ে ইরানকে কঠোর ও যাচাইযোগ্য প্রতিশ্রুতি দিতে হবে।
এর আগে সোমবার ওয়াশিংটনে লিংকন মেমোরিয়াল রিফ্লেক্টিং পুল পুনরায় চালুর অনুষ্ঠানে ট্রাম্প বলেন, সংঘাত বন্ধে ইরান একটি চুক্তি করতে চায়। এমন চুক্তি হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
ট্রাম্প আরও দাবি করেন, ইরান তাদের নেতাদের লক্ষ্য করে হামলা বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র তা বন্ধ করবে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। এর জবাবে ইরানও অঞ্চলজুড়ে পাল্টা হামলা চালায়।
পরবর্তী সময়ে কূটনৈতিক আলোচনা এবং জুন মাসে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও উত্তেজনা পুরোপুরি কমেনি। বিশেষ করে নিরাপত্তাব্যবস্থা এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ রয়ে গেছে।
ডিএস./





















