নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ২০ জন। বুধবার সকাল সোয়া নয়টার দিকে উপজেলার দিঘাপতিয়া এলাকার একটি ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নাটোর সদর উপজেলার তেবাড়িয়া এলাকার মৃত আখের আলীর ছেলে লিখন ও দিঘাপতিয়া এলাকার চকফুলবাড়িয়া গ্রামের ছাবেদ আলীর ছেলে ফারুক।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হোসেন ও ফায়ার ব্রিগেড সূত্রে জানা যায়, বগুড়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস এবং রাজশাহী থেকে ছেড়ে আসা নিশিতা পরিবহন নামের যাত্রীবাহী বাস উপজেলার কাশিয়াবাড়ী ব্রিজ এর উপর পৌঁছালে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। আহত হয় অন্তত ২০ জন। ফায়ার ব্রিগেডের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে পাঠালে ছাবেদ আলীর মৃত্যু হয়।
নিহত লিখনের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের মধ্যে গুরুতর চারজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বাস দুটির গতি ছিল নিয়ন্ত্রণহীন। যার ফলে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
জেলা প্রশাসক মোহাম্মদ শাহ-রিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিজনেস বাংলাদেশ/এম মিজান



















