সেরেনা উইলিয়ামস, বর্তমানে খেলা টেনিস তারকাদের মধ্যে সর্বোচ্চ ৩৯টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা তিনি। এই ৩৮ বছরের তারকা সর্বশেষ ২০১৭ সালে বড় কোনো শিরোপা জেতেন।
রেকর্ড ২৩টি বড় শিরোপা জেতা সেরেনা সেবার অস্ট্রেলিয়ান ওপেন জেতেন। এরপরে প্রায় ৩ বছর শিরোপা জেতা হয়নি তার। আসন্ন অকল্যান্ড ওপেন দিয়ে শিরোপা খরা ঘুচাবেন আশা সেরেনার।
২০১৭ সালে অকল্যান্ড ওপেনে শীর্ষ বাছাই হিসেবে সুযোগ পান সেরেনা উইলিয়ামস। কিন্তু দ্বিতীয় রাউন্ডে এই আমেরিকান তারকা স্বদেশি ম্যাডিসন ব্রেঙ্গলের কাছে হেরে বাদ পড়েন। তবে তখনকার অবস্থা ও এখনকার সময় এক নয় জানিয়ে সেরেনা বলেন, ‘সেবার অকল্যান্ডে অনেক বাতাস ছিল।
আর আমি বারবার রেগে যাচ্ছিলাম। সবচেয়ে বড় কথা তখন আমার স্বামীর উপর আমি রাগ নিয়ন্ত্রণ করতে পারতাম না। তাকে আমার বিরক্ত লাগতো। তার সঙ্গে চলতে চাইতাম না। আসলে তখন আমি গর্ভাবস্থায় ছিলাম। যখন খেলছিলাম সে বিষয়টা আমি জানতাম না।’
সেরেনা মনে করেন তার গর্ভাবস্থার প্রভাব ওই সময়ে কোর্টেও পড়েছে। অকল্যান্ডে কোর্টে নামার আগে সেরেনা নিজের বিয়ের ঘোষণা দেন। আর অকল্যান্ড ওপেনের সময় এই আমেরিকান টেনিস তারকা ছয় সপ্তাহের গর্ভবতী ছিলেন। পরবর্তীতে অস্ট্রেলিয়ান ওপেন খেলার সময় নিজের গর্ভাবস্থার কথা মিডিয়াতে জানান সেরেনা।
নিজের সে সময় নিয়ে এই টেনিস তারকার মন্তব্য, ‘এই অবস্থায় এসে এসব মনে পড়লে নিজের কাছে অবাস্তব আর হাস্যকর মনে হয়। যদিও গর্ভাবস্থার এই অবস্থা নিয়ে আমরা মজা নেই।
কিন্তু একজন নারীর জন্য বিষয়টি এত সহজ নয়। আর আমি প্রথমবারের মতো এমন অনুভূতিতে ছিলাম। আমার মনে হয়, যে কোনো নারীর জন্য গর্ভাবস্থার প্রথম তিন মাস খুব গুরুত্বপূর্ণ আর কষ্টের। আর নিজের অজানা থাকলে সেটা আরো বিব্রতকর অবস্থায় ফেলে দেয়।’
২০১৭ সালে সেরেনার একমাত্র কন্যা পৃথিবীতে আসে। এর প্রায় একবছর পরে কোর্টে আবার ফিরে আসেন টেনিসের রাণী। নিজের প্রিয় টেনিস কোর্টে ফিরে আসা নিয়ে উইলিয়ামস বলেন, ‘আমি সবসময় জানতাম, আমি আবার ফিরে আসবো। অনেক সময় আমার মনে হয়েছে, এটাই বোধহয় শেষ। কিন্তু এখন আমি নিজেকে নতুনভাবে ফিরিয়েছি। আর হ্যাঁ এবারের অকল্যান্ড ওপেনে কিন্তু আমি গর্ভবতী নই।’
রাশিয়ান টেনিস খেলোয়াড় ভেতলানা কুজনেতসোভার বিপক্ষে ম্যাচ দিয়ে বছর শুরু করবেন এই আমেরিকান টেনিস তারকা। অকল্যান্ড ওপেনের পর অস্ট্রেলিয়ান ওপেনে খেলবেন সেরেনা উইলিয়ামস।
বিজনেস বাংলাদেশ/এম মিজান


























