কক্সবাজারের টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার ভোর রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরার নাফ নদীর সংযোগ ওমর খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন-টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের ফজল হকের ছেলে আব্দুল লতিফ (২২) এবং একই ক্যাম্পের বাসিন্দা হোসেন আহমদের ছেলে জাবেদ ইকবাল (২০)।
র্যাব-১৫ রামু ব্যাটালিয়ানের উপ-অধিনায়ক মেজর মো. রবিউল ইসলাম জানান, সোমবার ভোরে নাফ নদীর সংযোগ ওমর খাল সংলগ্ন এলাকায় মিয়ানমার থেকে ইয়াবার বড় এক চালান আসছে- এই খবরে র্যাবের টেকনাফ ক্যাম্পের এক দল অভিযান চালায়।
ঘটনাস্থলে র্যাবের উপস্থিতি টের পেয়ে ২/৩ জন মাদক কারবারি পালিয়ে গেলেও ধাওয়া দিয়ে দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের সঙ্গে থাকা ছোট বস্তা থেকে দেড় লাখ ইয়াবা জব্দ করা হয়।
গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে মাদকপাচারের সঙ্গে জড়িত আছে। তাদের বিরুদ্ধে টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/এম মিজান

















