বাংলাদেশে চারদিনের শুভেচ্ছা সফরে এসেছে ভারতীয় কোস্টগার্ডের দুটি জাহাজ ‘আইসিজিএস সুজয়’ ও ‘আইসিজিএস সরোজিনী নাইডু’।
সোমবার সকাল ১১টার দিকে মোংলা ফেয়ারওয়ে বয় এলাকায় ‘বিজিজিএস সোনার বাংলা’ ভারতীয় জাহাজ দু’টিকে স্বাগত জানায়। পরে জাহাজ দু’টি মোংলা বন্দর জেটিতে রাখা হয়। এ সময় কোস্টগার্ডের বাদক দল ব্যান্ড বাজিয়ে জাহাজ দু’টিকে স্বাগত জানায়।
আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি, পারস্পারিক সম্পর্ক উন্নয়ন, প্রশিক্ষণ বিনিময় ও উভয় দেশের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ড ও ভারতীয় কোস্ট গার্ডের মধ্যে চুক্তি হয়। সে অনুযায়ী প্রতি বছর দুই দেশের কোস্টগার্ড জাহাজগুলো শুভেচ্ছা সফরে গমনাগমন করে আসছে।
শুভেচ্ছা সফরের অংশ হিসেবে জাহাজ দু’টির অধিনায়করা, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র, জোনাল কমান্ডার পশ্চিম জোন, চেয়ারম্যান মোংলা বন্দর কর্তৃপক্ষ ও কমান্ডার খুলনা নেভাল এরিয়া এর সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন।
এছাড়া ভারতীয় কোস্টগার্ডের জাহাজ দু’টিতে বাংলাদেশ কোস্টগার্ড সদস্যদের পেশাগত বিষয়ে প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হবে।
সফরের সময় ভারতের জাহাজ দু’টির কর্মকর্তা ও নাবিকরা সুন্দরবন ভ্রমণসহ খুলনা শিপইয়ার্ড, খুলনা ও বাগেরহাটের ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শন করবেন। পাশাপাশি দু’দেশের কোস্টগার্ডের মধ্যে একটি প্রীতি ভলিবল প্রতিযোগিতাও হবে।
সফরকালীন সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধিনস্থ পুলিশ, বিজিবি ও র্যাব সদস্যরা জাহাজ দু’টি পরিদর্শন করবেন। এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও ভারতীয় কোস্টগার্ড তথা দু’দেশের সার্বিক পারস্পারিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে আশা করা যাচ্ছে।
বিজনেস বাংলাদেশ/এম মিজান
























