ক্যাম্পাস থেকে বান্ধবীর বাসায় যাওয়ার পথে রাজধানীর কুর্মিটোলায় ধর্ষণের ঘটনায় নিপীড়নের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী শারীরিক ও মানসিকভাবে এখন অনেকটাই সুস্থ আছেন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন। দু’এক দিনের মধ্যে তাকে ছেড়ে দেয়া হবে বলে জানান তিনি।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে প্রেস বিফ্রিংয়ে এ কথা জানান নাসির উদ্দিন।
রবিবার (৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার পর বিশ্ববিদ্যালয়ের বাসে করে ওই ছাত্রী বান্ধবীর বাসায় যাচ্ছিলেন। কুর্মিটোলা বাসস্টেশনে নামার পর তাকে অজ্ঞাত এক ব্যক্তি অনুসরণ করতে থাকে। মাঝপথে তাকে ধরে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে।
রাত ১০টার দিকে ওই ছাত্রীর জ্ঞান ফিরলে তিনি নিজেকে একা নির্জন স্থানে আবিষ্কার করেন। পরে সেখান থেকে সিএনজি অটোরিকশা নিয়ে বান্ধবীর বাসায় যান। তারপর রাত ১২টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করান তার সহপাঠীরা। এ ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় মামলা করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/এম মিজান























