রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার মজনুকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পুলিশকে অনুমতি দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারীর আদালত এই অনুমতি দেন। এর আগে দুপুর ১টা ৩৫ মিনিতে তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুনানি শেষে আদালত ওই রিমান্ড মঞ্জুর করেন।
গত মঙ্গলবার ঢাবি শিক্ষার্থীর মোবাইল ফোনের সূত্র ধরে ভোরে মজনুকে রাজধানীর শেওড়া থেকে গ্রেফতার করা হয়।পরে কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, অভিযুক্ত ধর্ষক মজনু মাদকাসক্ত, ভিক্ষুক এবং প্রতিবন্ধী নারীদের ধর্ষণ করা তার নেশা।
মজনুর কাছ থেকে এ সময় উদ্ধার হয় ভুক্তভোগীর ব্যবহৃত মোবাইল ফোন, পাওয়ার ব্যাংক আর ব্যাগ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবের কাছে ধর্ষণের কথা স্বীকার করেছে সে।
র্যাব আরো জানান, ধর্ষক মজনু সিরিয়াল রেপিস্ট, মানসিক প্রতিবন্ধী আর ভিক্ষুকদের টার্গেট করে চালাত নির্যাতন।
এদিকে, ধর্ষকের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগ। সকালে রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধনে বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ধর্ষককে দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করায় প্রশাসনকে ধন্যবাদ জানান আয়োজকরা।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ






















