মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পর এ বার কাশ্মীর নিয়ে মধ্যস্থতার প্রস্তাব দিলেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস৷ ভারত অবশ্য এই প্রস্তাব সঙ্গে সঙ্গে খারিজ করে দিয়েছে৷
প্রথমে ডনাল্ড ট্রাম্প, তারপর আন্তোনিও গুতেরেস কাশ্মীর নিয়ে মধ্যস্থতার প্রস্তাব দিলেন। জম্মু ও কাশ্মীর পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে গুতেরেস বলেছেন, দুই পক্ষ যদি চায়, তা হলে তিনি মধ্যস্থতা করতে প্রস্তুত৷ গুতেরেসের প্রস্তাব ভারতের পক্ষে অস্বস্তিকর৷ কারণ, তিনি কাশ্মীর নিয়ে মধ্যস্থতার কথা বললেন এবং সেটাও বললেন পাকিস্তানে৷
ভারত অবশ্য গুতেরেসের এই প্রস্তাব সঙ্গে সঙ্গে খারিজ করে দিয়েছে৷ বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবিশ কুমার জানিয়েছেন, ”জম্মু ও কাশ্মীরনিয়ে নয়াদিল্লির অভিমত আগেও যা ছিল, এখনও তাই আছে। ভবিষ্যতেও বদলাবে না। কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। এ নিয়ে তৃতীয় কোনও পক্ষের মধ্যস্থতার প্রশ্নই ওঠে না। পাকিস্তান বেআইনিভাবে ও জোর করে কাশ্মীরের একটা অংশ দখল করে আছে। ফয়সালা তো সেই ব্যাপারে হওয়া দরকার৷ এর বাইরে কাশ্মীর নিয়ে কোনও সমস্যা থাকলে তা দুই দেশ আলোচনা করে মিটিয়ে নেবে। তার জন্য তৃতীয় পক্ষের মধ্যস্থতার প্রয়োজন নেই৷”
অতীতে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প একাধিকবার কাশ্মীর নিয়ে মধ্যস্থতার ইচ্ছে প্রকাশ করেছেন৷ প্রতিবারই ভারতের তরফে একই কথা জানানো হয়েছে৷ তবে এ বার জাতি সংঘের মহাসচিব মধ্যস্থতার ইচ্ছে প্রকাশ করায় বিষয়টির গুরুত্ব আরও বেড়ে গেল।
বিজনেস বাংলাদেশ/ এ আর

























