ঢাকা: জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যার অভিযোগের প্রমাণ পায়নি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন তুমুল জনপ্রিয় এই নায়ক। তদন্তের সূত্র ধরেই সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় সালমান শাহর হত্যার রহস্য নিয়ে সংবাদ সম্মেলন থেকে সংস্থাটির প্রধান বনজ কুমার মজুমদার এ তথ্য জানান।
বনজ কুমার আরও জানান, মামলা তদন্ত করতে গিয়ে ৪৪ জনের সাক্ষগ্রহন করা হয়েছে। তদন্ত শেষ করে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি তিনি আত্মহত্যা করেছেন।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সকালে রাজধানীর নিউ ইস্কাটন গার্ডেন এলাকায় ভাড়া বাসায় পাওয়া যায় অভিনেতা সালমান শাহর লাশ। বাংলা সিনেমায় তার জনপ্রিয়তা ও খ্যাতি তখন মধ্যগগনে। স্ত্রী সামিরা হক পুলিশকে জানান, সকালবেলা ড্রেসিংরুমে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমানের দেহ তারা শনাক্ত করে দেহটি নামিয়ে আনেন।
পরে সালমান শাহকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। সালমানের বাবা কমর উদ্দিন আহমেদ চৌধুরী রমনা থানায় অপমৃত্যুর মামলা করেন। পরে ১৯৯৭ সালের ২৪ জুলাই সালমানকে হত্যা করা হয়েছে অভিযোগ করে মামলাটি হত্যা মামলায় রূপান্তরের আবেদন করা হয়।
বিজনেস বাংলাদেশ/বিএইচ























