চৌদ্দ মাস পর টেস্ট জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। ঘরের মাঠে একমাত্র টেস্টে জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানে হারিয়েছে টাইগাররা। এই জয়ে ব্যাট হাতে গুরুত্বপুর্ণ ভূমিকা রেখেছেন মুশফিকুর রহিম ও অধিনায়ক মুমিনুল হক। বোলিংয়ে বড় অবদান রেখেছেন তরুণ নাঈম হাসান।
এই টেস্টে মাত্র এক ইনিংস ব্যাট করার সুযোগ পেয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। তাতেই দ্বি-শতক তুলে নিয়েছেন মুশফিকুর রহিম। এটি তার টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি। সেঞ্চুরি হাকিয়েছেন অধিনায়ক মুমিনুল হকও। অধিনায়ক হিসাবে প্রথম আর টেস্ট ক্যারিয়ারের নবম শতক এটি মুমিনুলের।
জিম্বাবুয়ে বধের এক দিনের মাথায় পুরষ্কার পেয়ে গেছেন মুশফিক ও মুমিনুল। বুধবার (২৬ ফেব্রুয়ারি) প্রকাশিত আইসিসির টেস্ট র্যাংকিংয়ে এক লাফে পাঁচ ধাপ এগিয়ে গেছেন বাংলাদেশের এই দুই ব্যাটসম্যান। ৬৫৫ রেটিং পয়েন্ট নিয়ে মুশফিক ২৫ নম্বর স্থান থেকে উঠে এসেছেন ২০ নম্বরে।
অপরদিকে মুমিনুল হক ৪৪তম স্থান থেকে উঠে এসেছেন ৩৯ নম্বরে, তার রেটিং পয়েন্ট ৫৫৬। ক্যারিয়ারের প্রথম টেস্ট হাফ সেঞ্চুরি করা নাজমুল হোসেন শান্তও এগিয়েছেন ১১ ধাপ। ২৮৮ রেটিং নিয়ে তার বর্তমান অবস্থান ১০৪তম।
টেস্ট বোলারদের র্যাংকিংয়ে এগিয়েছেন নাঈম হাসান। ম্যাচের প্রথম ইনিংসে ৪ ও পরের ইনিংসে ৫ উইকেট নিয়ে তিনি এগিয়েছেন ২৯ ধাপ। ৪১০ রেটিং পয়েন্ট নিয়ে ৩৮ নম্বরে অবস্থান করছেন এই স্পিনার। ডানহাতি পেসার আবু জায়েদ রাহী এগিয়েছেন ১১ ধাপ। তিনিও পেয়েছেন ক্যারিয়ার সর্বোচ্চ রেটিং, ৩৩১ পয়েন্ট নিয়ে অবস্থান করছেন ৪৬ নম্বরে।
বিজনেস বাংলাদেশ/ এ আর

























